ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়ে সরকারের বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা। ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে সরকারকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার যে কর্মসূচি দিয়েছে তা বহাল রাখা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রোববার রাতে সাংবাদিকদের বলেছিলেন, সোমবারের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার রায়ের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও ছাত্রদের মুক্তি দেয়া হবে। এরপর শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে।
এদিকে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করেছেন। বৈঠক শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা পর্যবেক্ষণের জন্যই আমরা আজ বৈঠক করেছি।"
তবে, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবারও শিক্ষার্থীরা দুই ঘণ্টা ক্লাস বর্জন, গণস্বাক্ষর এবং সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে। ঈদ ও শীতের ছুটির পর ৮ জানুযারি বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই তারা কারাবন্দি শিক্ষ-ছাত্রদের মুক্তির দবিতে আন্দোলন করে আসছে।
বিকেল সাড়ে তিনটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার রোববারের বক্তব্যের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায়।
শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে 'অস্পষ্ট' অভিহিত করে সংবাদ সম্মেলনে বলো হয়, নিঃশর্ত মুক্তি ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় ছাত্র-শিক্ষকদের মুক্তি ছাত্র সমাজ মানবে না।
রোববারে ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাশ বর্জন, ১৫ ও ১৬ তারিখ ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীদের নিয়ে সংহতি সমাবেশ এবং ১৭ জানুয়ারি পুরো ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ১৮ জানুয়ারির মধ্যে ছাত্র-শিক্ষকদের মুক্তি দেয়া না হলে প্রতিটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করে আন্দোলনররত শিক্ষার্থীরা।
উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান অনুষদের অধ্যাপক আহমদ শফি বলেন, "কোনোরকম শর্ত ছাড়া সব ছাত্র-শিক্ষকদের মুক্তি দিলেই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। আর তা সবার কাছে সম্মানজনক বলেও গণ্য হবে।"
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, "সরকার বারবার আশ্বাস দিলেও কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তি দেয়া হচ্ছে না। তাই যতক্ষণ না তারা মুক্ত হয়ে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত সরকারের কথায় আস্থা রাখা যাচ্ছে না।"
শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাকে সমর্থন করে তিনি বলেন, "এটা শিক্ষার্থীদের কৌশলগত আন্দোলন। সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই এটা করা হচ্ছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাকিস্তান সরকারের কাছে ক্ষমা চায়নি, দাসখতও দেয়নি। ক্ষমা চাইলে মুনীর চৌধুরীকে মরতে হতো না। তারা এই সরকারের কাছেও ক্ষমা চাইবে না।"
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান বলেন, "আইনের মাধ্যমে শিক্ষকদের দোষী সাব্যস্ত করে তারপর তাদের মুক্তি দেয়ার পরিকল্পনার মাধ্যমে সরকারের প্রতিহিংসাপরায়ণতার প্রকাশ ঘটেছে। এটা প্রত্যাশিত নয়। সব মামলা প্রত্যাহার করে ছাত্র শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা।"
তিনি গ্রেপ্তার হওয়া শিক্ষকদের মুক্তির পর চাকরিতে পুনর্বহাল করা নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, "পুনর্বহালের প্রশ্ন আসে চাকরিচ্যুত হলে। আসামি হলে চাকরি থাকে না, এটা ঠিক নয়। "
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২২২৮ ঘ.
bdnews24