২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাবিতে মৌন মিছিল

সাজাপ্রাপ্ত ১০ সতীর্থের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে রোববার মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজাপ্রাপ্ত ১০ সতীর্থের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে রোববার মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় রবীন্দ্র কলা ভবনের পাশে বাবলাতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে ড. শামসুজ্জোহার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। শতাধিক শিক্ষার্থী খালি পায়ে ওই মৌন মিছিলে অংশ নেয়। মিছিল শেষে শিক্ষার্থীদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মাসুদ রানা মিন্টু বলেন, রাবির সাজাপ্রাপ্ত ১০ ছাত্র ও এক কর্মচারীর নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার না করা পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের মুক্তি দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সকালে কালোব্যাজ পরে ক্লাসে অংশ নেয়। অন্য বিভাগুলোর শিক্ষার্থীরাও তাদের সঙ্গে সঙ্গে কালোব্যাজ পরে। পরে তারা সবাই মৌন মিছিলে অংশ নেয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরিফ রেজা মাহমুদ, বাঁধন অধিকারী, বর্ণা তারানা, বাংলা বিভাগের ছাত্র হেদায়েতুল ইসলাম জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই কালোব্যাজ পরে মিছিলে অংশ নেয়। আগস্টের ছাত্র বিক্ষোভের এক মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী এবং এক কর্মচারী বর্তমানে কারাগারে রয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের তিন বছর সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.