ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত ও দোষীদের শাস্তির দবিতে শনিবার সকালে দ্বিতীয় দফা বিক্ষোভ করেছে ঢাকা কলেজের ছাত্ররা। ইডেন কলেজের ছাত্রীরাও একই সময়ে কলেজের সামনে বিক্ষোভ করে।
ঢাকা কলেজের ছাত্ররা সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত আর ইডেন কলেজের ছাত্রীরা সকাল পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত বিক্ষোভ করে। এ কারণে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং আশেপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
শনিবার ওই বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। শুক্রবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে। এর আগে গত ১১ নভেম্বর একই বিষয়ের ওপর পরীক্ষা নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় তা বতিল করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব ছাত্র কলেজে পরীক্ষা দিতে এসেছিল সকাল ১০টার দিকে তারা জমায়েত হতে শুরু করে। ১১টার দিকে তারা রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বিক্ষোভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এর আগেই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ছাত্ররা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এর আগে শুক্রবার রাতেও একদফা বিক্ষোভ করে ঢাকা কলেজের ছাত্ররা।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, সকাল ১১টার পরপর ঢাকা কলেজের ছাত্ররা মিরপুর রোডে নেমে বিক্ষোভ শুরু করে। তারা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় অবস্থান করে। পরে তারা কলেজের ভেতরে ঢুকে যায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা জানান, ইডেন কলেজের ছাত্রীরা ১০টা ৪০ থেকে ১১টা ৪৫ পর্যন্ত রাস্তায় অবস্থান করে। এসময় আজিমপুর-মিরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করে তারা কলেজে ঢুকে যায়।
এদিকে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত ইংরেজি পরীক্ষাটি আগামী ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে একটি কমিটি করার কথাও ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২০৫৪ ঘ.
bdnews24