জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশঙ্কা ছিল অনাকাক্সিক্ষত কিছু ঘটে যাওয়ার, ভয় ছিল সমস্ত আয়োজন পণ্ড হয়ে পড়ার। কিন্তু আশঙ্কা আর ভয় কাটিয়ে শনিবার সকাল হতেই নতুন রূপে জেগে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণা আর তাদের বরণে বর্তমানদের আয়োজনে এদিন মুখর ছিল ক্যাম্পাস।
১২ জানুয়ারি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ দিবসটি উদযাপিত হয়নি। তাই শিক্ষার্থীদের অপেক্ষা ছিল শনিবারের জন্য। কিন্তু দুদিন আগেই ছাত্রলীগ ও ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপট অনিশ্চয়তার আবহ তৈরি করে। তবে শেষ পর্যন্ত আনন্দ-উল্লাসের মধ্য দিয়েই উদযাপিত হয় দিবস। বিবদমান ছাত্রসংগঠন দুটিও ক্ষোভ-উত্তেজনা সরিয়ে সামিল হয় আনন্দ উচ্ছ্বাসে।
এদিন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঘূর্ণিঝড় সিডরে হতাহতদের প্রতি সহমর্মিতাস্বরূপ এবার সীমিত আকারে বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কর্মসূচিও ছিল সংক্ষিপ্ত। আর দুদিন আগের সংঘর্ষের কারণে মোতায়েন ছিল অসংখ্য পুলিশ।
শনিবার কুয়াশা ভেদ করে দিনের আলো ফুটতেই বিভিন্ন হল ও বিভাগের শোভাযাত্রা এসে জড়ো হয় জীববিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে। সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান কর্মসূচি উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ দিনটির আনন্দ তরুণ বয়সে প্রেমে পড়ার রোমাঞ্চের মতো। বিপুল করতালির মাধ্যমে ভিসির বক্তব্যে একমত হন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
পরে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে আলোচনা ও স্মৃতিচারণ করেন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিকালে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ভাঙতে শুরু করে এক দিনের মিলনমেলা। যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আহসান হাবীব রিয়াদ বলেন, "প্রতিবারই আসি। এদিনটি যেন ফিরিয়ে নিয়ে আসে ক্যাম্পাসের সেই দিনগুলোকে। দিন শেষ এখন ফেরার পালা। আবার অপেক্ষা বছর পরে এ দিনটির জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৪ ঘ.
bdnews24