২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশ জোরালো হয়ে উঠছে। শনিবার এই দাবিতে দুই ঘণ্টা ক্লাশ বর্জন করে মৌন মিছিল ও মানব বন্ধনে অংশ নিয়েছে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীরা সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল শুরু করে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশ জোরালো হয়ে উঠছে। শনিবার এই দাবিতে দুই ঘণ্টা ক্লাশ বর্জন করে মৌন মিছিল ও মানব বন্ধনে অংশ নিয়েছে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী। (আরো তথ্যসহ) শিক্ষার্থীরা সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল শুরু করে। কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে বাণিজ্য অনুষদের সামনে দিয়ে মল চত্বর ঘুরে দুপুর একটায় গ্রন্থাগারের সামনে এসে মিছিল শেষ হয়। কালো ব্যাজ পরা শিক্ষার্থীরা এসময় ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিল। কার্জন হল কেন্দ্রিক শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশ নেয়। বিজ্ঞান অনুষদসহ বেশ কয়েকটি অনুষদের চারশরও বেশি শিক্ষার্থী ১১টা ৫০ মিনিটে দোয়েল চত্বর ঘিরে মানববন্ধন রচনা করে। এসময় প্রায় ২০ মিনিট ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। মৌন মিছিলের শুরুতে শিক্ষার্থীরা 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দেয়। এ সময় এক শিক্ষার্থী বলেন, "এখানে মানুষ গড়ার কারিগররা কারাগারে বন্দি। ন্যায়বিচারও নেই। এর প্রতিবাদ জানাতে আমরা ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁেধছি।" নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি বিভাগের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতোদিন দেখলাম উপাচার্য আলোচনা করছেন। আর তা চলছে খুব ধীরগতিতে। আর গত বৃহস্পতিবার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দিতে যাওয়ার কথা ছিলো। কিন্তু তিনি যাননি। এতে প্রমাণ হয় যে সরকার শিগগিরই ছাত্র-শিক্ষকদের মুক্তি দিতে ইচ্ছুক নয়। আর আমাদের দাবি, খুব দ্রুত তাদের মুক্তি দিতে হবে।" মানববন্ধনে অংশ নেয়া মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সরকার চিটিংবাজ ব্যবসায়ীদের ধরে কারাগারে ভরুক। আমাদের ছাত্র-শিক্ষকদের কেন? শিক্ষকদের মুক্তির বিষয়ে তারা বারবার টালবাহানা করছে।" সকাল এগারটার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, "আমাকে শিক্ষার্থীরা টেলিফোনে জানিয়েছে, ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে কর্মসূচি থাকায় তারা আজ ক্লাশ করবে না।" দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জানায়, বন্দি শিক্ষক-ছাত্রদের অবিলম্বে মুক্তি দেয়া না হলে তারা আমরণ অনশনের মতো কর্মসূচি দিতে পারে। এদিকে দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করে। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "তারা উপাচার্যের কাছে অবিলম্বে কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তি ও সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।" এদিকে ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে আশা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ শনিবারও বলেছেন, "খুব দ্রুত বিষয়টার একটা সমাধান হতে যাচ্ছে। ক্যাম্পাসের ভেতরের ঘটনার জন্য আটক ছাত্রসহ সব শিক্ষক দ্রুত মুক্ত হয়ে ফিরে আসবে বলে আমার বিশ্বাস। সংশ্লিষ্ট সব জায়গায় এ ব্যাপারে আমার কথা হচ্ছে।" তিনি জানান, রোববার প্রধান উপদেষ্টার সাথে তিনি দেখা করবেন এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করবেন। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে শিক্ষার প্রকৃত পরিবেশ বজায় থাকছে কী না জানতে চাইলে উপাচার্য বলেন, "আমার বিশ্বাস, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট হোক তা শিক্ষক-শিক্ষার্থীদের কেউই চায় না।" ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "ছাত্র-শিক্ষক সবাই এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তাদের সচেতনতাই ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির জন্য যথেষ্ট।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/এমএ/২০৩০ ঘ.