ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লাল-সাদা কাপড় মাথায় বেঁধে, কালো ব্যাজ পরে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
'নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ' এর ব্যানারে শনিবার সকাল ১১টায় হাজার খানেক শিক্ষার্থী অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল শুরু করে।
বৃহস্পতিবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলা ভবনে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চলে। প্রশাসনিক ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।
মৌন মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে মধুর ক্যান্টিনে এসে পৌঁছায়।
বেলা ১১টা ৫০ মিনিটে কার্জন হলের ৩ শতাধিক শিক্ষার্থী হাতে হাত রেখে মানববন্ধন করে। কার্জন হল থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ছাড়িয়ে যায় মানববন্ধন। ওই সময় এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস জানান, মৌন মিছিল শুরুর সময় ক্লাস থেকে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে ওই মিছিলে যোগ দেয়। কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় এমন শিক্ষার্থীই ছিলো বেশি।
শিক্ষার্থীরা নানা দাবি সম্বলিত লিফলেট পুরো ক্যাম্পাসের দেয়ালে লাগিয়ে দেয়। বন্দিদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ বিভিন্ন দাবির কথা লেখা রয়েছে লিফলেটগুলোতে।
ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্যের পদত্যাগ চাই লিখেও লিফলেট টানানো হয়েছে।
৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই আটককৃত শিক্ষক-ছাত্রদের মুক্তি, মামলা প্রত্যাহার করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
আগস্টের ছাত্র বিক্ষোভের সময় সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষক এবং ১৫ জন শিক্ষার্থী বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/জিএনএ/১৪৩৩ ঘ.
bdnews24