চট্টগ্রাম, জানুয়ারি ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একটি ইংরেজি প্রশ্নসহ প্রায় শতাধিক বানান ভুল পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বাণিজ্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রশ্নপত্রের অধিকাংশ বাংলা বানানে ভুল দেখা গেছে। প্রশ্নপত্রে বাণিজ্য বিভাগ 'বানিজ্য', বাগধারা 'বাকধারা', বৃদ্ধি 'বৃদ্দি', ব্যক্তিগত 'ব্যাক্তিগত', ঋণ 'ঋন'সহ প্রায় শতাধিক বানান ভুল দেখা গেছে। ইংরেজি অংশের ৩৮ নম্বর প্রশ্নের একটি বানানে ভুল পাওয়া যায়।
বাণিজ্য অনুষদের প্রশ্নপত্রে বানান ভুল থাকার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বানান ভুল হওয়াটা দু:খজনক। ছাপার ত্র"টির কারণে কয়েকটি প্রশ্নে বানান ভুল থাকতেই পারে। এতে ভর্তি পরীক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হয়নি।"
ইংরেজি অংশের ৩৮ নম্বর প্রশ্নে ভুল হওয়ার কথা শুনলেও বাকীগুলো সম্পর্কে অবগত নন বলে জানান তিনি।
কুমিল্লা থেকে আসা পরীক্ষার্থী আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের মত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রশ্নে বানান ভুল থাকা দু:খজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24