২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দাবিতে ঢাবিতে মাথায় সাদা কাপড় বেঁধে অবস্থান

কারাবন্দি শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শনিবার মাথায় সাদা কাপড় বেঁধে অবস্থান কর্মসূুচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শনিবার মাথায় সাদা কাপড় বেঁধে অবস্থান কর্মসূুচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ২০ মিনিট ধরে এ কর্মসূুচিতে অংশ নেয় অন্তত ৪০ জন শিক্ষার্থী। মাথায় বাঁধা সাদা কাপড়কে 'কাফনের কাপড়' অভিহিত করে শিক্ষার্থীরা বলেছে, আমরা সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছি। এখন আমরা মৃত্যুর জন্যও প্রস্তুত। তাই আমরা কাফনের কাপড় পড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। কারাবন্দি শিক্ষক ও শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, মামলার নামে এখনও তাদেরকে হয়রানি করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নতুন কোনো কর্মসূচি রয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নে শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি না দিলে খোলার সঙ্গে সঙ্গে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে আন্দোলনের কর্মসূুচি দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ঈদ ও শীতকালীন ছুটি চলছে। ছুটি শেষে আগামী ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলবে। শিক্ষার্থীরা জানায়, শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে গত ১ জানুয়ারি তারা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিয়েছে।। আগস্টের ছাত্র বিক্ষোভের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও বেশ কয়েকজন ছাত্র বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/এমএ/১৬৫৮ঘ.