২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গাড়ি পোড়ানোর মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বাদীকে জেরা ও ঘটনাস্থলে উপস্থিত করপোরাল মাসুদ রানার সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২ অক্টোবর। ওইদিন গ্রামীণফোনের উপ-পরিচালক মহিউদ্দিনের সাক্ষ্য নেওয়া হবে কি না সে ব্যাপারে শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 08:58 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বাদীকে জেরা ও ঘটনাস্থলে উপস্থিত করপোরাল মাসুদ রানার সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২ অক্টোবর। ওইদিন গ্রামীণফোনের উপ-পরিচালক মহিউদ্দিনের সাক্ষ্য নেওয়া হবে কি না সে ব্যাপারে শুনানি হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবীরা দুই শিক্ষকের মোবাইল ফোনের বিস্তারিত কল রেকর্ড সংগ্রহ করে আদালতে উপস্থাপন করেন। তারা দাবি করেন, ওই দিন শিক্ষকরা ছাত্রদের টেলিফোনের মাধ্যমে যে প্ররোচিত করেছেন তা কল রেকর্ড পরীক্ষা করলেই প্রমাণিত হবে। আসামিপক্ষের আইনজীবীরা এ বক্তব্যের বিরোধিতা করেন। আদালত দুইপক্ষের বক্তব্য শেষে গ্রামীণফোনের উপ-পরিচালকের সাক্ষ্য নেওয়া হবে কি না সে ব্যাপারে শুনানির তারিখ ২ অক্টোবর ধার্য করেন। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও অধ্যাপক সারোয়ার জাহান সজলসহ মোট ১৪ জনের বিরুদ্ধে এই আদালতে মামলার অভিযোগ গঠন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্রবিক্ষোভ ও ভাঙচুরে উস্কানি দেওয়া এবং সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে মতিহার থানায় দুটি মামলা হয়। গত ১ সেপ্টেম্বর দুই মামলারই অভিযোগপত্র দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। গাড়ি পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন দুই শিক্ষক, দুই কর্মচারীসহ রাবি শিক্ষার্থী উজ্জ্বল, আয়েন উদ্দিন, দ্বীপায়ন সরকার, মিঠু, সরকার আয়াজ, ফকরুল ইসলাম সুমন, আবু সায়েম, শামীম আহম্মেদ, কাজী আব্দুল লতিফ ও শাখাওয়াৎ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও সারোয়ার জাহান সজল ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৪৫২ ঘ.