রাজশাহী, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ সোমবার শুরু হয়েছে।
সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও অধ্যাপক সারোয়ার জাহান সজলসহ মোট ১৪ জনের বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর একই আদালতে এ মামলার অভিযোগ গঠন হয়।
ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানির অভিযোগে দায়ের করা অপর মামলার সাক্ষ্যগ্রহণ রোববার দ্রুত বিচার আদালতেই শুরু হয়। সে মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।
গাড়ি পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণের শুরুতেই মামলার বাদি ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলীর জবানবন্দি নেওয়া হয়। এর পরপরই আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করে। দুপুরে ৩০ মিনিট বিরতি দিয়ে জেরা চলে বেলা পৌনে ৪টা পর্যন্ত। জেরা শেষ না হওয়ায় বাদিকে আবারও জেরা করার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর পরবর্তী জেরার দিন ধার্য করে আদালত।
দুই শিক্ষকসহ মামলার চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর দুজন হলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদিকুল ইসলাম ও কর্মচারী আতাউর রহমান। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
জবানবন্দি দেওয়ার পর আসামি পক্ষের আইনজীবী গোলাম আরিফ টিপু বাদি শওকত আলীর কাছে জানতে চান, এজাহার দাখিলের সময় কাদের আসামি করা হয়েছিল। তখন বাদি জানান, প্রথমে কারও নাম না দিয়েই অভিযোগ দাখিল করা হয়েছিল। পরে ঘটনার দিন রাবিতে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্য জাফর ইকবালের কাছ থেকে শুনে দুই শিক্ষকের নাম দেওয়া হয়।
দুই শিক্ষকের বিরুদ্ধে নাম দেওয়ার মতো কী অভিযোগ ছিল- আইনজীবীর প্রশ্নে বাদি বলেন, "জাফর ইকবাল বলেছিলো, ওই দুই শিক্ষক মোবাইল ফোনে গাড়ি পোড়াতে বিক্ষোভকারীদের প্ররোচনা দেয়।"
তবে দুই শিক্ষককে নিজে চেনেন না বলে আদালতে জানান বাদি শওকত আলী।
আসামি পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, ড. তাহের হত্যা মামলার সাক্ষী ওই দুই শিক্ষক যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারেন এবং বিশেষ মহলের উদ্দেশ্য চরিতার্থ করতে তাদের আসামি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়া এবং সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে মতিহার থানায় দুটি আলাদা মামলা হয়।
গত ১ সেপ্টেম্বর দুই মামলারই অভিযোগপত্র দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। গাড়ি পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন দুই শিক্ষক, দুই কর্মচারীসহ রাবি শিক্ষার্থী উজ্জ্বল, আয়েন উদ্দিন, দ্বীপায়ন সরকার, মিঠু, সরকার আয়াজ, ফকরুল ইসলাম সুমন, আবু সায়েম, শামীম আহম্মেদ, কাজী আব্দুল লতিফ ও শাখাওয়াৎ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও সারোয়ার জাহান সজল ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দুই কর্মচারীকে এর আগে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ ১৮৩৪ ঘ.
bdnews24