ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে ঢাবি শিক্ষকদের একটি প্রতিনিধি দল রোববার দুপুরে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় শিক্ষকদের ওই প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চালু, আটক শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয় এবং বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে সেনা প্রধান মঈন উ আহমেদ, শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীসহ বেশ ক'জন সচিব উপস্থিত ছিলেন। ঢাবির উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ ও সিন্ডিকেট সদস্যরা।
বৈঠক শেষে উপাচার্য এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন, "নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সুতরাং এ বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের অনুভূতির কোনো ঘাটতি নেই।"
উপাচার্য আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমার দৃষ্টিতে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে।"
আটককৃত শিক্ষকদের ডিভিশন দেওয়ার ব্যাপারে শিক্ষক প্রতিনিধি দল অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে এস এম এ ফায়েজ বলেন, "সেনা প্রধানও আমাদের সঙ্গে একমত পোষণ করে শিক্ষকদের ডিভিশন দেওয়ার প্রস্তাব সমর্থন করেছেন। সরকার এ ব্যাপারে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে বলে আমরা বৈঠকে জেনেছি।"
বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলা ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে সেনাবাহিনী সহায়তা করবে বলেও শিক্ষক প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করেছেন বলে জানান উপাচার্য এস এম এ ফায়েজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচএস/এএল/এমএ/ ১৭১৪ ঘ.
bdnews24