২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভিশন পেয়েছেন রাবির ৬ শিক্ষক

কারাগারে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুস সোবহান, মলয় ভৌমিক, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনকে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুস সোবহান, মলয় ভৌমিক, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনকে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহানগর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক ফজলুল করিম চৌধুরী কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। এদিকে, ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানো মামলায় একই আদালত ওই সময় গ্রেপ্তার হওয়া সাদিকুল ছাড়া অন্য ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আসামিদের বাড়ির মালামাল জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ ১৩ আসামি হলেন- ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, ছাত্র দ্বীপায়ন সরকার, মিঠু, সরকার আয়াজ, ফকরুল ইসলাম, আবু সায়েম, শামীম আহম্মেদ, সাখাওয়াত হোসেন, আব্দুল লতিফ, আজিজ ও আতাউর রহমান। গত ২৩ আগস্ট ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাবির আটক ছয় শিক্ষক ও রাবি জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, এ দিন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগের শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আদালত আগামী ১১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। শিক্ষকদের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসামিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, এজন্য জেলকোড অনুযায়ী তারা ডিভিশন পাওয়ার দাবিদার। শুনানি শেষে আদালত আটক শিক্ষকদের ডিভিশন দিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এদিকে, কারাগারে থাকা ছয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বলে রাজশাহীতে গুজব ছড়িয়ে পড়লেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সত্যতা অস্বীকার করেছে। উপাচার্য আলতাফ হোসেন এ বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো শিক্ষককে সাময়িক বরখাস্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পুলিশ হেফাজতে কোনো শিক্ষক থাকলে হেফাজতের দিন থেকে সাময়িক বরখাস্ত হন। তবে তা সিন্ডিকেটের সভায় অনুমোদন করিয়ে নিতে হয়। রাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যায় সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলতে শিগগিরই তিনি ঢাকা যাবেন। সেখান থেকে ফিরে এসে সিন্ডিকেটের সভা ডাকা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৮০৩ ঘ.