ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে তিনদিন বিলম্বে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশিত হচ্ছে। রাজধানীসহ দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রে বিকেলে এই ফল পাওয়া যাবে।
দুপুর সাড়ে ১২টায় তথ্য অধিদপ্তরে শিক্ষা সচিব মো. মমতাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এছাড়া দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সম্মেলন কক্ষে এক যোগে ফলাফল ঘোষণা করা হবে।
শুক্রবার এক সরকারি ঘোষণায় ২০০৭ সালে অনুষ্ঠিত এইচএসসি,আলিম,ফাজিল,কামিল,এইচএসসি(ব্যবসা ব্যবস্থাপনা) এবং ঢাকা বিজনেস বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষাথীদের নিজ নিজ কেন্দ্র থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটে এর লিংক থাকবে। এসএমএস এর মাধ্যমে ফল জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ৩৩৩৩, ২৭৭৭, ২৩২৩ ও ৪৯২৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
সাতটি সাধারণ ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের ঠিকানািি : .িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ । এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েব সাইটের ঠিকানা: যঃঃঢ়://ৎবংঁষঃ.নঃবন.মড়া.নফ ।
শিক্ষাবোর্ড বা শিক্ষামন্ত্রণালয়ে যোগাযোগ করে ফল পাওয়া যাবে না বলে সরকারি তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সব ফল জেলা প্রশাসকদের কাছে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রোববার সকালের মধ্যে সব কেন্দ্রে তা পৌছে যাবে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমকে/এসকে ১২৫৩ ঘ.
bdnews24