রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালোব্যাজ পরায় আটক রাবির ছাত্র দ্বীপায়ন সরকার দ্বীপকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কালোব্যাজ পরায় বুধবার দুপুরে ক্যাম্পাসের আমতলী এলাকার একটি দোকান থেকে দ্বীপকে আটক করে পুলিশ।
ফেরদৌস আহমেদ সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থার মধ্যে কালোব্যাজ পরায় দ্বীপকে আটক করা হয়েছিলো। পরে প্রক্টরের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।"
প্রক্টর অধ্যাপক এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।
শিক্ষার্থীরা জানান, দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলায় 'প্রয়োজন এন্টার প্রাইজ' নামে এক দোকানে বসে দ্বীপ কম্পিউটারে ব্যক্তিগত কাজ করছিলেন। এ সময় তার শার্টে কালোব্যাজ লাগানো ছিল।
মতিহার থানা পুলিশ দোকানে গিয়ে কালোব্যাজ পরার অভিযোগে দ্বীপকে আটক করে। পরে দ্বীপকে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সাথে পুলিশ কর্মকর্তারা আলোচনা করে দ্বীপকে পুলিশ মতিহার থানায় নিয়ে যায় বলে শিক্ষার্থীরা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24