পাবনা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি এডওয়ার্ড কলেজে রোববার দুপুরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিন জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে কলেজের কামাল উদ্দিন ছাত্রাবাসের ২০৯ নম্বর কক্ষের একটি টেবিলে দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে মিজানুর রহমান বাবুল, প্রিন্স ও শামিমের নেতৃত্বে একদল ছাত্রদলকর্মী ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়লে সংঘর্ষ বেধে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
সংঘর্ষে সাত ছাত্রলীগকর্মীসহ ১০ জন আহত হন। এদের মধ্যে ৩ ছাত্রলীগ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানায়। এরা হলেন, আতিকুল আলম, মাসুদ রান ও জুয়েল রানা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৮ ঘ.
bdnews24