২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চমাধ্যমিক পর্যায়ে বোর্ডের ইংরেজি ব্যাকরণ বই শিগগিরই বাজারে আসছে

একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ইংরেজি ব্যাকরণ বই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাজারে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ইংরেজি ব্যাকরণ বই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাজারে আসছে। বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন নামে বইটি আগস্ট মাসের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে। ইউসুফ ফারুক বলেন, "বেসরকারি প্রকাশকদের প্রকাশ করা বিভিন্ন ব্যাকরণ বই বাজারে আছে। দীর্ঘদিন ধরে চলে আসলেও এসব বইয়ের অধিকাংশই মানসম্পন্ন নয়। প্রকাশকরা বেশি লাভের জন্য কম টাকা দিয়ে যেনতেনভাবে বই লিখিয়ে নেন। কিন্তু পাঠ্যপুস্তক বোর্ড একটি মানসম্পন্ন বই যৌক্তিক দামে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায়। এ কারণেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে পাণ্ডুলিপি চূড়ান্ত করে ছাপানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো দাম নির্ধারণ করা হয়নি। পৃষ্ঠাসজ্জা শেষ হওয়ার পর দাম নির্ধারণ করে শিগগিরই বইটি বাজারে পাওয়া যাবে বলে জানান তিনি। এদিকে ইংরেজি ব্যাকরণ বই প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও বাংলা ব্যাকরণ বই কবে নাগাদ প্রকাশ করা হবে তা জানাতে পারেননি বোর্ড চেয়ারম্যান। এ বিষয়ে জানার জন্য মতিঝিল পুস্তক ভবনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায়নি। এদিকে চলতি শিক্ষা বছরে একাদশ শ্রেণীতে ভর্তি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাশ শুরু হয়ে গেছে। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা খানম বলেন, "এমন কোনো বই প্রকাশের খবর আমার জানা নেই। ভালো একটি ব্যাকরণ বই পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশ করলে শিক্ষার্থীদের সুবিধা হবে। তবে বইটি অবশ্যই সময়মতো প্রকাশ করা উচিত। বইটি প্রকাশ হলে আর আগস্ট মাসের মধ্যে তা হাতে না পেলে শিক্ষার্থীরা সমস্যায় পড়বে। এবার যেহেতু ফল প্রকাশ ও ভর্তি আগেই সম্পন্ন হয়েছে তাই দ্রুত বইটি বাজারে আসা প্রয়োজন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২২১১ ঘ.