জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে একদল ছাত্রের হামলায় ছাত্রলীগের আট নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ১০টি কক্ষ।
ছাত্রদল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
আহতরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. সুজন, কর্মী সামি, রবি, অলক, রাজিব, শরীফ, রেজা ও জসিম। তাদের সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হল সূত্র জানায়, প্রশাসনের অনুমতি ছাড়াই অন্য কয়েকটি হলের ১০/১২ জন ছাত্রদল কর্মী দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু হলে অবস্থান করছিল। ছাত্রলীগ এ ব্যাপারে অভিযোগ করলে প্রাধ্যক্ষ অধ্যাপক নূরুল হক ওই ছাত্রদল কর্মীদের হল ত্যাগের নির্দেশ দেন এবং ভাসানী হলের ছাত্রদল কর্মী প্রেমাংশুকে হল থেকে বের করে দেন।
এরপর বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
অধ্যাপক নূরুল হক এ ব্যাপারে বলেন, "অন্য হলের কয়েকজন ছাত্র অবৈধভাবে হলে থাকে খবর পেয়ে তাদের চলে যেতে বলেছি।" তিনি বলেন, আহত ছাত্ররা অভিযোগ করলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আহত মোঃ সুজন বলেন, "হল প্রশাসনের নীরবতা এবং বহিরাগতদের হলে থাকার প্রতিবাদ করার কারণে ছাত্রদল নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩২৮ ঘ.
bdnews24