২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনীতদের দিয়েই বিশ্ববিদ্যালয় চালানোর আইন আসছে

নির্বাচনের বদলে এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, সহ-উপাচাযর্, সিনেট ও সিন্ডিকেট সদস্যদের সবাইকে মনোনয়নের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সরকার এ লক্ষ্যে যে অভিন্ন আইনের খসড়া প্রণয়ন করেছে তাতে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশসহ বিশ্ববিদ্যালয় পরিচালনার অন্য সব আইন বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৈরি করা এ আইনের খসড়া রোববার শিক্ষামন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষা উপদেষ্টা আইযুব কাদরীর সঙ্গে প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও কমিশনের অন্যান্য সদস্য এবং শিক্ষাসচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

মোকাররম হোসেন শুভ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনের বদলে এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, সহ-উপাচাযর্, সিনেট ও সিন্ডিকেট সদস্যদের সবাইকে মনোনয়নের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সরকার এ লক্ষ্যে যে অভিন্ন আইনের খসড়া প্রণয়ন করেছে তাতে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশসহ বিশ্ববিদ্যালয় পরিচালনার অন্য সব আইন বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৈরি করা এ আইনের খসড়া রোববার শিক্ষামন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষা উপদেষ্টা আইযুব কাদরীর সঙ্গে প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও কমিশনের অন্যান্য সদস্য এবং শিক্ষাসচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসেন শুভ। প্রস্তাবিত এ আইনে শিক্ষকদের প্রত্যক্ষভাবে দলীয় রাজনীতি বন্ধ করা হলেও শিক্ষার্থীদের রাজনীতির বিষয়ে কিছু বলা হয়নি। বিশ্ববিদ্যালয় পরিচালনায় নির্বাচিত পরিষদ না থাকলেও মনোনীতদের নিয়ে পরিষদ গঠিত হবে এবং কার্যক্রম আগের মতোই থাকবে। মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তারেক শামসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে এ অভিন্ন আইনের ব্যাপারে শিক্ষকদের প্রতিক্রিয়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আইনটি চূড়ান্ত করার ক্ষেত্রে শিক্ষকদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় আইনটি পর্যালোচনা করে এ বিষয়ে মতামত দেবে। চলতি মাসের ৩১ তারিখে এ বিষয়ে আবার বৈঠক হবে। তিনি বলেন, "শিক্ষকদের স্বাধীনতা ক্ষুন্ন করা হবে না এবং তাদের সহযোগিতা ছাড়া আইন কার্যকর করাও কঠিন। তাই এ বিষয়ে তাদের মতামত নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে কীভাবে নেওয়া হবে সেটা পরবর্তীতে নির্ধারণ করে সেভাবে কাজ করা হবে।" আমব্রেলা অ্যাক্ট ২০০৭ নামে প্রস্তাবিত অভিন্ন আইনের খসড়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ সিন্ডিকেটের নির্বাচিত প্রতিনিধির বদলে সব সদস্যকে মনোনীত করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে মনোনীত করার ভিত্তি হবে জ্যেষ্ঠতা ও পর্যায়ক্রমিক। সিন্ডিকেটের নির্বাহী ক্ষমতা বহাল থাকছে। বর্তমানে ১৭ সদস্যের সিন্ডিকেটে ছয়জন নির্বাচিত হয়ে থাকেন। প্রচলিত বিধানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক মতাদর্শের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের যে কোনো সংগঠনের সদস্য হওয়ার আইনগতভাবে স্বীকৃত সুযোগ বহাল রয়েছে। তবে রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের সদস্য হওয়ার সুযোগ থাকছে না। উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা বাতিল করে পাঁচ সদস্যের একটি জাতীয় অনুসদ্ধান কমিটি গঠন করা হবে। সাবেক উপাচার্যদের মধ্যে গ্রহণযোগ্য একজনকে প্রধান করে আচার্য এ অনুসন্ধান কমিটি গঠন করবেন। এতে সদস্য হবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জ্যেষ্ঠ শিক্ষাবিদ অথবা সাবেক উপাচার্যদের মধ্যে একজন এবং দুইজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কমিটি তিনজনকে মনোনীত করে তাদের প্রত্যেকের সম্পর্কে মূল্যায়ন এবং সুনির্দিষ্ট মন্তব্য উপস্থাপন করবেন যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একই প্রক্রিয়ায় সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদেও নিয়োগ দেওয়া হবে। উপাচার্যের পদ মর্যাদা হবে সচিবের সমান এবং হাইকোর্টের একজন বিচারককে যেসব কারণে অপসারণ করা যায় সেগুলো ছাড়া অন্য কোনো কারণে তাকে অপসারণ করা যাবে না। সিন্ডিকেটের সদস্য হবেন উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, একাডেমিক কাউন্সিলে মনোনীত দুইজন প্রতিনিধি, প্রতিষ্ঠাকাল অনুসারে পর্যায় ক্রমিকভাবে অনুষদের দুইজন ডিন, দুইজন জ্যেষ্ঠ অধ্যাপক ও একজন জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক, হল প্রতিষ্ঠাকাল হিসাবে পর্যায়ক্রমিকভাবে একজন প্রাধ্যক্ষ, সিনেটের মনোনীত একজন সদস্য, আচার্য মনোনীত একজন শিক্ষাবিদ, সরকারের মনোনীত ন্যূনতম অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, মঞ্জুরি কমিশনের মনোনীত একজন শিক্ষাবিদ এবং আচার্য মনোনীত একজন আইনজীবী এবং একজন বাংলাদেশ চার্টাড একাউটেন্টস এসোসিয়েশনের সদস্য। একইভাবে সিনেটের কোনো সদস্য নির্বাচিত হবেন না। সবাই হবেন মনোনীত এবং পদাধিকার বলে। সিনেটের আকার আগের চেয়ে ছোট হবে। বর্তমান সিনেটের তুলনায় সদস্য সংখ্যা এক তৃতীয়াংশে নেমে আসবে। তবে ডিনসহ পদাধিকার বলে সদস্য হওয়ার সুযোগ থাকায় ডিন ও অন্য কয়েকটি পদের সংখ্যার কারণে একেক বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য কম-বেশি হতে পারে। আচার্য, স্পিকার, উপাচার্য, মঞ্জুরি কমিশন ও সিন্ডিকেট সুনির্দিষ্ট কিছু শর্ত ও যোগ্যতার ভিত্তিতে সিনেট সদস্যদের মনোনীত করবে। বর্তমানে সিনেটে নির্বাচিত ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ৩৫ জন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি থাকেন। অন্যরা মনোনীত হয়ে আসেন। বর্তমানে পাঁচজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি শিক্ষার্থীদের পক্ষে সিনেটে প্রতিনিধিত্ব করলেও প্রস্তাবিত আইনে সেই সুযোগ রাখা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএইচবি/১৯০০ ঘ.