রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৬ জুলাই)।
১৯৫৩ সালের ৬ জুলাই যাত্রা শুরু করেছিলো যে বিদ্যাপীঠ, অনেক পথ পেরিয়ে ৫৪ বছরে পদার্পণ করছে এ বিশ্ববিদ্যালয়টি।
শুক্রবার ছুটির দিন থাকায় দিবসটি পালনে শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় 'সাবাশ বাংলাদেশ' চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিএনসিসি ও রোভার স্কাউটের কুচকাওয়াজ, সকাল দশটায় ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা, বেলা এগারটায় ক্যাম্পাসের পূর্ব পাড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি, দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ।
এ ছাড়া সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবন, আবাসিক হল ও বিভাগ সাজাতে রং-বেরংয়ের বেলুন ও আলোকসজ্জার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের আওতায় ৪৭টি বিভাগে ও ৪৯ টি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে। উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট।
শুরুতে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন এক হাজারেরও বেশি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১০৮ ঘ.
bdnews24