২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অসন্তোষ

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের শর্ত পূরণ করে তাদের অনুমোদন নেওয়ার দাবিতে গত শনিবার থেকে বিক্ষোভ করছে বেসরকারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের শর্ত পূরণ করে তাদের অনুমোদন নেওয়ার দাবিতে গত শনিবার থেকে বিক্ষোভ করছে বেসরকারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সোমবার থেকে রাজধানীর মোহাম্মদপুরের এ বিশ্ববিদ্যালয়টিতে পুলিশ মোতায়েন করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। গতকাল তারা জোর করে ক্যাম্পাসে ঢুকতে গেলে দুই ছাত্রকে আটক করে পুলিশ। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। ২০০৩ সালের শেষ দিকে এ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে ১০টি ব্যাচে প্রায় দেড়শ শিক্ষার্থী এ বিভাগে পড়াশোনা করছেন। এদের মধ্যে প্রথম ব্যাচের ছাত্ররা আগামী কয়েক মাসের মধ্যেই তাদের কোর্স শেষ করে স্নাতক ডিগ্রি পাবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুমোদিত না হওয়ায় তারা পেশাদার ফার্মাসিস্ট হিসেবে কাউন্সিলের ছাড়পত্র পাবেন না। মূলত এই বিশ্ববিদ্যালয়ে চার মাস মেয়াদি সেমিস্টার চালু থাকার কারণেই তাদের সনদকে ছাড়পত্র দিতে চায় না ফার্মেসি কাউন্সিল। তাদের নীতিমালা অনুযায়ী সেমিস্টার হতে হবে ছয় মাস মেয়াদের। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শিপন জানান, ফার্মেসি কাউন্সিলের অনুমোদন পাওয়ার প্রথম পদক্ষেপ হলো পরিদর্শন ফি পরিশোধ। কর্তৃপক্ষ সে ফি পরিশোধ করেনি। এছাড়া ফার্মেসি কাউন্সিলের অন্যান্য শর্তগুলোও পূরণ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গত শনিবার থেকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের বিভাগের প্রধান আনোয়ারুল ইসলাম একজন রসায়নের শিক্ষক এবং তিনি একাধারে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ান। তিনি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এবং কলেজ দুই শাখাতেই রসায়ন পড়ান আবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ান। তারা বিভাগে শিক্ষক স্বল্পতার অভিযোগ তোলেন। এ ব্যাপারে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করলে জানানো হয় পরিদর্শন ফি দিলে তাদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। যদি কোনও শর্তের ঘাটতি থাকে তবে তা পূরণের জন্য সময় দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এখনো পরিদর্শন ফি দেয়নি। মঙ্গলবার সকালে পরিদর্শন ফি পরিশোধ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী আজহার আলী অবশ্য দাবি করেন, আড়াই বছর আগে ফার্মেসি কাউন্সিলের অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ফার্মেসি কাউন্সিল তখন সংগঠিত না হওয়ায় তারা কোনও জবাব দেয়নি। এরপর ২০০৬ সালের ২৫ মে এক চিঠিতে ফার্মেসি কাউন্সিলের নতুন নীতিমালা ও শর্তের কথা জানানো হয়। তবে ফার্মেসি কাউন্সিলের শর্তগুলোর সঙ্গে মঞ্জুরি কমিশনের শর্তের কোনও মিল নেই। তিনি বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শর্ত পূরণ করে ২০০৩ সালের শেষ দিকে বিভাগ চালু করেছি। আমাদের কাজ শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়ার পর শেষ হয়ে যায়। ফার্মেসি কাউন্সিল কোনও একাডেমিক ডিগ্রি দেয় না। তাদের কাজ অনেকটা পেশাদার ছাড়পত্র দেওয়া। এ ছাড়পত্র শিক্ষার্থীদের পেশাগত জীবনে সাহায্য করবে। আমি এখনও এটার দরকার মনে করি না।" কিছু শিক্ষার্থী নেতা হওয়ার জন্য এ অস্থির অবস্থার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যত সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভূক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে কাউন্সিল শর্ত হিসেবে প্রতি সেমিস্টার চার মাসের পরিবর্তে ছয় মাস করার প্রস্তাব দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ও হুরুন ইউনিভার্সিটি) ক্রেডিট ট্রান্সফার চুক্তি থাকায় কর্তৃপক্ষ ৪ মাসের সেমিস্টার বহাল রেখে অনুমোদন দেওয়ার জন্য ফার্মেসি কাউন্সিলকে অনুরোধ করে। এ বিষয়টি অনেকদিন ধরে ঝুলে আছে। গত ৩০ জুন থেকে শিক্ষার্থীরা হঠাৎ করে ক্লাস বর্জনের ঘোষণা দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর মঙ্গলবার থেকে এ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২১৩৮ ঘ.