ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- টাকার অঙ্কে বাড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের বাজেটে শতকরা হিসেবে কমেছে শিক্ষা খাতের বরাদ্দ।
মঙ্গলবার সিনেট অধিবেশনে অনুমোদিত হয়েছে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের বাজেট। উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ।
১৪২ কোটি ৪৫ লাখ টাকার এই বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ ১৪ কোটি ৭৩ লাখ টাকা। গত বছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ১৪ কোটি টাকা। সে হিসেবে বরাদ্দ খানিকটা বাড়লেও আসলে কিন্তু কমেছে। কারণ গত বছরের সংশোধিত বাজেটে শিক্ষা সহায়ক খাতের বরাদ্দ ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ, এবার সেটা ১০ দশমিক ৩৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
বরাবরের মতোই এবারের বাজেটেরও সবচেয়ে বড় অংশটি ব্যয় হবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা ও পেনশন খাতে। এই খাতে ব্যয় ধরা হয়েছে বাজেটের প্রায় ৮২ শতাংশ বা ১১৪ কোটি টাকা। এর মধ্যে পেনশন খাতে ১৫ দশমিক ২০ শতাংশ (২১ কোটি ৬৫ লাখ টাকা) এবং বেতন-ভাতা খাতে ৬৬ দশমিক ৬৯ শতাংশ (৯৫ কোটি টাকা) ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
এবারের বাজেটে অবশ্য সরকারের ওপর নির্ভরশীলতা খানিকটা কমিয়ে বাড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। গত অর্থ বছরে এ আয় ছিল ১২ কোটি টাকা, এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটিতে। বাজেটের বাকি ১২৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এসএইচ/২২৫৫
bdnews24