২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪২ কোটি ৪৫ লাখ টাকার বাজেট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭--০৮ অর্থবছরের জন্য ১৪২ কোটি ৪৫ লাখ টাকার বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। এই অর্থ ২০০৬--০৭ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৬.৩ শতাংশ বেশি। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের পরিামাণ ছিল ১৩৪ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭--০৮ অর্থবছরের জন্য ১৪২ কোটি ৪৫ লাখ টাকার বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। এই অর্থ ২০০৬--০৭ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৬.৩ শতাংশ বেশি। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের পরিামাণ ছিল ১৩৪ কোটি টাকা। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই বাজেট প্রস্তাব উত্থাপন করা হয় হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ১২৭ কোটি ৪৫ লাখ টাকা এবং নিজস্ব খাত থেকে ১৫ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পুরো টাকাই বিভিন্ন খাতে ব্যয় করা হবে। আয় ও ব্যয়ের পরিমাণ সমান ধরায় এই বাজেটে কোনো ঘাটতি দেখানো হয়নি। কোষাধ্যক্ষ জানান, বাজেটের সবচে বড় অংশটি (৮১.৮৯ শতাংশ) ব্যয় হবে শিক্ষক ও কর্মকর্তা--কর্মচারীদের বেতন--ভাতা, বাড়ি ভাড়া, পেনশন ইত্যাদি খাতে। বাজেটে শিক্ষা সহায়ক খাতে ৮ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। এই হিসেবে নতুন অর্থবছরে এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১৪.২৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ জানান, বুধবার সিন্ডিকেটের সভায় নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সিন্ডিকেট প্রস্তাবটি অনুমোদনও দিয়েছে। ২৬ জুন বিকেল তিনটায় প্রস্তাবিত বাজেটের চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পেশ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/১৯৫৬ ঘ.