২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের বয়কটের মুখে বন্ধ জাবির হলগুলোর ডাইনিং

গত তিন দিন ধরে ক্যাম্পাসের হলগুলোর ডাইনিং বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা ডাইনিং এর কুপন কিনছেন না। পাশাপাশি বর্ধিত দামে কুপন বিক্রিতেও বাধা দিচ্ছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 04:55 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গত তিন দিন ধরে ক্যাম্পাসের হলগুলোর ডাইনিং বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা ডাইনিং এর কুপন কিনছেন না। পাশাপাশি বর্ধিত দামে কুপন বিক্রিতেও বাধা দিচ্ছেন তারা। এদিকে হল প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরাও তিন দিন ধরে হলে যাচ্ছেন না। আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ার ভয়েই তারা হলে যাচ্ছেন না বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন শিক্ষক জানান। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, জরুরি অবস্থার কারণে মিছিল- সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও শান্তিপূর্ণভাবে কুপন বুথ অবরোধ চালিয়ে যাবেন তারা। তারা অবিলম্বে কুপনের বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি জানান। প্রাধ্যক্ষ পর্ষদের সভাপতি অধ্যাপক মির্জা মফিজউদ্দিন বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় কুপনের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। গত ১৭ মে গ্রীষ্মের ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাইনিং এর প্রতিবেলা খাবারের কুপনের দাম ৮ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫০ ঘ.