২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

দেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নীতিমালা প্রণয়ন কমিটি ইতিমধ্যেই একটি খসড়া প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। ১৬ মে এটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে উঠবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আমিনূর রহমান রাসেল, জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক এ টি এম আতিকুর রহমানের নেতৃত্বাধীন ১১ সদস্যের নীতিমালা প্রণয়ন কমিটি তাদের প্রস্তাবিত নীতিমালা গত বুধবার উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে জমা দেয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রস্তাবিত নীতিমালার যৌন নিপীড়নের দায়ে দোষী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ আজীবন বহিষ্কার এবং ফৌজদারি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

তবে প্রস্তাবিত নীতিমালা কার্যকরে প্রক্টরিয়াল আইনসহ বেশ কিছু বিধি সংশোধনের প্রয়োজন বলে ওই সূত্র জানায়।

নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক এ টি এম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “দেড় দশক ধরে এ ধরনের একটি নীতিমালার দাবির পরিগ্রেক্ষিতে প্রশাসন এখন এর যৌক্তিকতা উপলব্ধি করেছে।”

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “শুধু আইন করে কোনও কিছুর বাস্তবায়ন পুরোপুরি সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।”

নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ নীতিমালা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও পথ প্রদর্শক হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও গার্মেন্টসসহ অন্য শিল্প প্রতিষ্ঠানেও এ ধরনের নীতিমালা তৈরি করা জরুরি।”

যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো।

জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ বলেন, “বহু বছর পরে হলেও কর্তৃপক্ষের এ ধরনের একটি উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কল্লোল বণিক বলেন, “এ ধরনের একটি নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। দীর্ঘদিন পরে হলেও শিক্ষার্থীদের একটি দাবি পূরণ করার উদ্যোগ নেওয়ায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ আসার পর যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার দাবি ওঠে শিক্ষার্থী-শিক্ষক সব মহল থেকেই। ’৯০ এর দশকের মাঝামাঝিতে ছাত্র-শিক্ষক-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রথমবারের মতো নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবি জানায়। ১৯৯৮ সালে ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় সে দাবি আরও জোরেশোরে ওঠে। ১৯৯৯ সালে আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা প্রথম নিপীড়ন বিরোধী নীতিমালার একটি খসড়া প্রস্তাব প্রশাসনকে দেন। কিন্তু আন্দোলনের মুখে প্রশাসন নীতিমালা প্রণয়নের আশ্বাস দিলেও পরে তার বাস্তবায়ন দেখা যায়নি। পরে ২০০২ সালে শিক্ষক সমিতি একই ধরনের আরেকটি খসড়া প্রশাসনের কাছে জমা দেয়।

সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে ক্যাম্পাসে আবারও এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে নীতিমালা প্রণয়নের দাবিতে পুনরায় আন্দোলন গড়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এখন যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।