ঢাকা বিশ্ববিদ্যলয়ের গবেষণা চেয়ার শুধু নামেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের অধীনে পরিচালিত সাতটি গবেষণা চেয়ারের সব ক’টির কার্যক্রম থেমে আছে। ব্যাংকে অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট ছাড়া এগুলোর উল্লেখও পাওয়া যায় না। অথচ সৃজনশীল গবেষণা কর্মে উৎসাহ দেওয়ার জন্যই বিভিন্ন সময়ে প্রতিষ্ঠা করা হয় এ সব চেয়ার।
বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা চেয়ারগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ‘বোস চেয়ার’, ‘নজরুল চেয়ার’, ‘বঙ্গবন্ধু চেয়ার’, ‘আব্দুর রব চৌধুরী চেয়ার ফর ম্যাথমেটিক্যাল ফিজিক্স’, ‘খন্দকার মোকাররম হোসেন প্রফেসরশিপ চেয়ার’, ‘ব্যাঙ্ক অব ক্রেডিট এন্ড কমার্স ইন্টারন্যাশনাল রিসার্চ প্রফেসরশিপ চেয়ার’ ও ‘রোকেয়া চেয়ার’। এছাড়া ‘তৈয়ব হোসেন চেয়ার’ নামে অর্থনীতি বিভাগে একটি চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছিল, যা পরে বন্ধ করে দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, চেয়ারগুলোতে দীর্ঘদিন কোনও শিক্ষককে গবেষণার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে না, যা ট্রাস্ট প্রতিষ্ঠার সময় সম্পাদিত চুক্তির লঙ্ঘন। আর বন্ধ হয়ে থাকা চেয়ারগুলো চালু করার কোনও উদ্যোগও নেই কর্তৃপক্ষের।
গবেষণা চেয়ারগুলোর কার্যক্রম বন্ধ থাকার কারণ নিয়ে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের প্রায় সবাই কথা বলতে অনীহা প্রকাশ করেন। আবার কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। তবে বন্ধের কারণ হিসেবে একেক জন একেক কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম চেয়ার হচ্ছে ‘বোস চেয়ার’। বিশ্বখ্যাত বিজ্ঞানী সত্যেন বোসের নামে পদার্থবিদ্যা বিভাগে ১৯৭৪ সালে এ চেয়ারের প্রতিষ্ঠা। উদ্দেশ্য ছিল পদার্থবিদ্যা বিষয়ে গবেষণা করা। গত ১৪ বছর ধরে এ চেয়ারে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আর আই এম আমিনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান অবস্থায় দলমতের ঊর্ধ্বে কোনও ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বলে কাউকে এ সম্মানে ভূষিত করা যাচ্ছে না।
তবে বিভাগের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ব্যক্তিগত ও রাজনৈতিক দলাদলির কারণেই এ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে’ ।
১৯৭৯ সালে রসায়ন বিভাগে প্রতিষ্ঠা করা হয় ‘খন্দকার মোকাররম হোসেন প্রফেসরশিপ চেয়ার’। নিয়মানুযায়ী, দু বছরের জন্য একজন শিক্ষককে এ প্রফেসরশিপে ভূষিত করে গবেষণার সুযোগ করে দেওয়া হয়। ১৯৮৬ সালের পর এ চেয়ারে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
বিভাগের এক প্রবীণ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কেউ যখন ওই চেয়ারে নিয়োগপ্রাপ্ত হন, তখন বিভাগে তার প্রফেসরিয়াল পদটি খালি হয়ে যায়। ওই পদে তখন অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়। ফলে চেয়ারে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কাজ শেষ হওয়ার পর ওই পদে ফিরতে পারেন না। বিভাগে তার কাজ কী হবে তা নিয়ে জটিলতা দেখা দেয়। এ সব সমস্যার কারণে বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না।
কবি নজরুলকে নিয়ে গবেষণার জন্য বাংলা বিভাগে ১৯৮৯ সালে প্রতিষ্ঠা হয় ‘নজরুল চেয়ার’। সিন্ডিকেট তিন বছরের জন্য এ চেয়ারে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রয়োজনে আরও তিন বছরের জন্য নিয়োগ বর্ধিত করার সুযোগও রাখা হয়। ২০০১ সালে চেয়ারটিতে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক মো. মনিরুজ্জামানকে। এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
চেয়ার প্রতিষ্ঠাকালে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ চেয়ারের অধীনে নজরুল বিষয়ক এমফিল এবং পিএইচডি গবেষণার জন্য বৃত্তি দেবে। খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত কাউকেই বৃত্তি দেওয়া হয়নি।
১৯৯২ সালে পদার্থ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত হয় ‘আব্দুর রব চৌধুরী চেয়ার ফর ম্যাথমেটিক্যাল ফিজিক্স’। দেশি ও বিদেশি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এ চেয়ারে একজন প্রসিদ্ধ বিজ্ঞানীকে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। ২০০০ সালের ২০ মে জার্মানির ‘ইউনিভার্সিটি অব বেলাফেল্ড’ এর অধ্যাপক এফ এইচ এম ফয়সালকে এ চেয়ারে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি ২০০২ সালের মার্চ পর্যন্ত থেকেও ওয়ার্ক পারমিট জটিলতার জন্য কাজ করতে পারেননি।
বিভাগের এক শিক্ষক জানান, একজন বিদেশি শিক্ষককে কাজ করতে হলে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ব্যবস্থা করে দিতে পারেনি। ওই সমস্যার সমাধান না হওয়ায় অন্য কাউকে এ পদে আর নিয়োগ দেওয়া হয়নি।
১৯৯৭ সালে ইতিহাস বিভাগে ২০ লাখ টাকা দিয়ে মাহবুব উল্লাহ এবং জেবুন্নেছা ট্রাস্ট ফান্ডের অধীনে প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণায় প্রতিবছর একজন ইতিহাসবিদকে এ চেয়ারে নিয়োগ দেওয়ার কথা। ১৯৯৮ সালের পর কেউ নিয়োগ পাননি এ চেয়ারে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগ দেওয়ার জন্য উপাচার্যের কাছে লিখিতভাবে বলা হয়েছে। উপাচার্য ট্রাস্টের দাতাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কিন্তু ট্রাস্টের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, বিষয়টি উপাচার্য জানেন।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে কলা অনুষদের ডিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের বাজেটে ‘ব্যাঙ্ক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল রিসার্চ প্রফেসরশিপ চেয়ার’ নামে একটি চেয়ারের কথা উল্লে¬খ আছে। এ চেয়ারের নামে সোনালী ব্যাংকে এক লাখ টাকার ফান্ড থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও তথ্য দিতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডের দায়িত্বে নিয়োজিত উপ-রেজিস্ট্রার মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের কোনও চেয়ারের কথা তার জানা নেই। একই কথা বলেছেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়, ‘ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল রিসার্চ প্রফেসরশিপ’ চেয়ারের অ্যাকাউন্টে সুদসহ ২ লাখ ৩০ হাজার ৭২৪ টাকা জমা হয়ে আছে। ব্যাংকটি নাম পরিবর্তন করার পর এ নিয়ে তারা আর খোঁজ খবর নেয়নি। ব্যাংটির বর্তমান নাম ইস্টার্ন ব্যাংক।
২০০৩ সালে অর্থনীতি বিভাগে প্রতিষ্ঠা হয় ‘তৈয়ব হোসেন চেয়ার’। দাতা অর্থ প্রত্যাহার করে নেওয়ায় ২০০৬ সালে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ‘রোকেয়া চেয়ার’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। অবশ্য এখনও এ চেয়ারটিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
গবেষণা চেয়ারগুলোর কার্যক্রম বন্ধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সব চেয়ারের বিষয়ে বিভাগগুলো থেকে উদ্যোগ নেওয়া বা কোনো প্রস্তাব দেওয়া হলে সঙ্গে সঙ্গে তা বিবেচনা করা হবে।
