২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম তদন্তের নির্দেশ

পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম খতিয়ে দেখার জন্য মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

মারুফ মল্লিক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এ গুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার মন্ত্রণালয় থেকে মঞ্জুরি কমিশনে পাঠানো এক চিঠিতে এসব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মঞ্জুরি কমিশন সূত্র জানায়, মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরপরই পাঁচটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তের নির্দেশ পেয়েছি। কমিটি গঠন করা হচ্ছে। তবে একসঙ্গে সবগুলো বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করা যাবে না। পর্যায়ক্রমে দ্রুত কাজ করা হবে।”

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও আর্থিক অনিয়ম, উপাচার্য ও উপ-উপাচার্যের ক্ষমতার অপব্যবহার, অতিরিক্ত জ্বালানি ব্যবহার সম্পর্কে বেশ কিছু অভিযোগ পাওয়ার পর কমিশন এ উদ্যোগ নিল।

মঞ্জুরি কমিশন ইতোমধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তদন্ত দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। জ্বালানি তেলের অপব্যবহার, নিয়োগে অনিয়ম, অতিরিক্ত আপ্যায়ন ব্যয় ও উপাচার্যদের একাধিক মোবাইল ফোন ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বর্তমানে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে জমা দেওয়া হতে পারে।