চট্টগ্রামে তিন দিনব্যাপী শিক্ষামেলা শুরু
চট্টগ্রামে তিন দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
চট্টগ্রামের শিক্ষার্থীদের দেশ ও বিদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচিত করানো এবং ভর্তিসহ আনুষঙ্গিক বিষয়ে তথ্য দেওয়ার উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক এম ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের প্রভাষক আমের খান, আয়োজক সংস্থা পেমস এর ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন রাসেল।
শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
পোর্টসিটি এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (পেমস) আয়োজিত এ মেলায় ৩৫টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠান রয়েছে ২৫টি।
দেশের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ফিজি, সাইপ্রাসসহ বিভিন্ন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও মেলায় অংশ নিচ্ছেন।
