মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ১৯৯ জন বহিস্কৃত
এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার দ্বিতীয় দিনে নকলের দায়ে সারাদেশে কমপক্ষে ১৯৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে এসএসসিতে ৯৩ জন, দাখিলে ৬৮ জন এবং এসএসসি ভোকেশনালে ৩৮ জন বহিস্কৃত হয়েছেন। পাশাপাশি নকলে সহায়তা করার জন্য দুই জন শিক্ষককেও বহিস্কার করা হয়েছে।
গত দুই দিনের পরীক্ষায় বহিস্কার হওয়া ছাত্রছাত্রী ও শিক্ষকের সংখ্যা দাড়াল যথাক্রমে ৪৭৫ ও আট জন।
এছাড়া দ্বিতীয় দিনে তিন হাজার ৮২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এরমধ্যে এসএসসিতে এক হাজার ৭৪৭ জন, দাখিলে এক হাজার ৪২০ জন এবং এসএসসি ভোকেশনালে ৬৫৮ জন পরীক্ষার্থী রয়েছেন। এ নিয়ে দুই পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা দাড়িয়েছে সাত হাজার ৬৮০ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ৮টা পর্যন্ত সারাদেশ থেকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে উল্লিখিত তথ্য এসে পৌঁছেছে। এ সময় পর্যন্ত মাদ্রাসা বোর্ডের ২৫ টি এবং কারিগরী বোর্ডের তিনটি কেন্দ্র থেকে কোন তথ্য নিয়ন্ত্রণ কক্ষে এসে পৌঁছেনি।
উল্লেখ্য মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে তিন পর্যায়ের মাধ্যমিক পরীক্ষা।
প্রথম দিন এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, দাখিল পরীক্ষায় কুরআন মজীদ ও তাজবীদ ও এসএসসি ভোকেশনালে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর রোববার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ইংরেজী এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ ।
এবার এ তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ২৯ হাজার ৮৮৫ জন। গতবারের চেয়ে এবার ৩৪ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী বেশি। গত বছর এ সংখ্যা ছিল নয় লাখ ৯৫ হাজার ১২৩।
এবার এক হাজার ৯০৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে এসএসসির কেন্দ্রের সংখ্যা ৯০৬ , দাখিলের ৪৬৭ এবং ভোকেশনাল কেন্দ্রের সংখ্যা ৫৩৫।
