২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিক্ষক পুননিয়োগের দাবিতে কলেজে ভাংচুর

নগরীর কর্নেল হাটে অবস্থিত মোস্তফা হাকিম কলেজে নিয়োগ বাতিল করা দুই শিক্ষককে চাকরিতে পুননিয়োগের দাবিতে সোমবার দুপুরে পাঁচ শতাধিক ছাত্র ও বহিরাগতরা কলেজে ভাংচুর করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কলেজের ছাত্র ছাড়াও বহিরাগতরা কলেজের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং ভাংচুর চালায়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুত্র জানায়, বছর দেড়েক আগে কলেজ প্রতিষ্ঠার সময় এলাকাবাসীর অনুরোধে বাসুদেব ধর ও মোহাম্মদ নুরুন্নবী নামের দুই শিক্ষককে মৌখিকভাবে বেতন ছাড়া কলেজে পড়ানোর সুযোগ দেওয়া হয়। গত রোববার কলেজ অধ্যক্ষ প্রফেসর ফজলুল কাদের চৌধুরী তাদের ডেকে পাঠদান আপাতত বন্ধ রাখার জন্য বলেন।

এরপর এই দুই শিক্ষককে কলেজে পুনর্বহালের দাবিতে কলেজের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসে অবস্থান নেয় এবং শিক্ষক ও ছাত্র-- ছাত্রীদের কলেজে যেতে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্যাম্পাসে দুই শিক্ষকের নিয়োগ বহাল রাখার দাবিতে মিছিল বের করে। এসময় কয়েকটি কক্ষের দরজা জানালা ভাংচুর করা হয় বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক।

পরে দুপুর আড়াইটার দিকে পাহাড়তলী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডবলমুরিং জোনের এসি তোফায়েল আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত ছাত্রদের নিবৃত্ত করে।

তিনি জানান, কলেজের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে শিক্ষক দুজনকে আবার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল কাদের চৌধুরী বলেন, এ দুই শিক্ষককে কলেজের চেয়ারম্যান সাহেবের অনুরোধে অভিজ্ঞতা অর্জনের জন্য মৌখিকভাবে পড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের ফলাফল খারাপ এবং তারা নিবন্ধনও করেনি বলে তাদের শিক্ষকতা করার যোগ্যতা নেই।

মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।