মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ৪৩ জন বহিষ্কৃত
এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি (ভোকেশনাল) পরীক্ষার তৃতীয় দিনে নকল করার দায়ে সারাদেশে কমপক্ষে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে এসএসসিতে ১৪ জন, দাখিলে ১১ জন এবং কারিগরিতে ১৮ জন বহিষ্কৃত হয়েছেন। পাশাপাশি নকলে সহায়তা করার জন্য ১০ জন শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।
এই নিয়ে গত তিনদিনের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৯৮ ও ১৮ জনে।
তৃতীয় দিনে ২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে তিনদিনে পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৪ জনে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত সারাদেশ থেকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে এসব তথ্য এসেছে।
মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন পর্যায়ের মাধ্যমিক পরীক্ষা।
প্রথম দিন এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, দাখিল পরীক্ষায় কুরআন মজীদ ও তাজবীদ ও এসএসসি ভোকেশনালে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ইংরেজি এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ। আর মঙ্গলবার তৃতীয় দিনে এসএসসিতে বাংলা আবশ্যিক (প্রথম পত্র), সহজ বাংলা (প্রথম পত্র), বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি (প্রথম পত্র), দাখিল পরীক্ষায় বাংলা এবং এসএসসি ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ২৯ হাজার ৮৮৫ জন। গতবারের চেয়ে এই সংখ্যা ৩৪ হাজার ৭৬২ জন বেশি।
এবার এক হাজার ৯০৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে এসএসসির কেন্দ্রের সংখ্যা ৯০৬ , দাখিলের ৪৬৭ এবং ভোকেশনাল কেন্দ্রের সংখ্যা ৫৩৫।
