৫৫ জনের ৫২ জনই পেয়েছেন প্রথম শ্রেণী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ৫৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৫২ জনই প্রথম শ্রেণী পেয়ে পাস করেছেন। ২০০৬ সালের মে মাসে অনুষ্ঠিত ২০০৩--০৪ শিক্ষাবর্ষের এম এস পরীক্ষার ফল বেরিয়েছে ১২ মার্চ। একই শিক্ষাবর্ষের আইন বিভাগে এলএলএম পরীক্ষার্থীদের ৮০ জনের মধ্যে প্রথম শ্রেণী পেয়েছেন ৪২ জন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি বিভাগে প্রথম শ্রেণীতে উর্ত্তীণের হার আগের বছরগুলোর তুলনায় বেড়েছে কয়েকগুন।
২০০১--০২ শিক্ষাবর্ষের রাষট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় ৫২ জনের প্রথম শ্রেণী পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলে তাতে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। সম্প্রতি তদন্তের প্রতিবেদন সিন্ডিকেটে জমা দেওয়া হয়েছে।
তবে প্রানীবিদ্যা বিভাগ ও আইন বিভাগের শিক্ষকরা মনে করছেন না, ভালো ফলাফলের পেছনে ‘অন্য কিছু’ আছে। কয়েকজন অবশ্য এতবেশি প্রথম শ্রেণী প্রাপ্তিকে ‘অতিরিক্ত’ বলে মানছেন।
প্রাণীবিদ্যা বিভাগের ১২ মার্চ প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভাগের ২০০৩ সালের এম এম(থিসিস) পরীক্ষায় মাত্র দুজন দ্বিতীয় বিভাগ পেয়েছেন। একজনের ফলাফল স্থগিত করা হয়েছে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গুলশান আরা লতিফা নফহবৎংি২৪.পড়স কে বলেন, “এই ফলাফল অস্বাভাবিক কিছু নয়। এখন প্রতিযোগীতার যুগ। সবাই ভালো করতে চায়। তাই সবার মাঝেই এখন পড়াশোনার ঝোঁক বেশি। শিক্ষকরাও সবাই আগের চেয়ে শিক্ষাদানে মনোযোগী বেশি।”
৩৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে অধ্যাপনা শেষে বর্তমানে এলপিআরে থাকা অধ্যাপক ড. মোঃ শাহাদত আলী এই ফলাফলকে ‘প্রথম শ্রেণীর জোয়ার’ বলে মনে করছেন।
অধ্যাপক শাহাদত বলেন, “প্রাণীবিদ্যায় আগে ৫০ জনের মধ্যে ১৫ থেকে ২০ জন প্রথম শ্রেণী পেতেন। গ্রেডিং পদ্ধতিতে নম্বর দেওয়ার কারণে প্রথম শ্রেণীতে পাসের হার বাড়তে পারে।”
তবে এই ফলকে অস্বাভাবিক বলতে তিনি রাজি নন।
বিভাগে প্রভাষক মোহাম্মদ শামীমুল আলম বলেন, “আমাদের সময়ও অনেক প্রথম শ্রেনী পাওয়ায় রেকর্ড রয়েছে। তবে ৫৫ জনের মধ্যে ৫২ জন একটু অতিরিক্তই।”
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরী এ ব্যাপারে নফহবংি২৪.পড়স কে জানান, এখন মেধাবী ছেলে-মেয়েরা ভর্তি হচ্ছে, ভালো পরীক্ষা দিচ্ছে এটাই এমন ফলের কারণ, অন্য কিছু নয়। এই ফলাফল পাওয়ার পর নিজের আগ্রহে একটু খোঁজও নিয়ে দেখেছেন তিনি।
আইন বিভাগে ২০০৩-০৪ সেশনে এল এল এম এ ৮০ জনের মধ্যে ৪২ জনই প্রথম শ্রেণী পেয়েছেন।
বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, “বিষয়টা নিয়ে আমরা নিজেরাও চিন্তিত। তবে এই ৪২ জনের মধ্যে তিনজন প্রথম শ্রেণী থেকে তিন নম্বর কম পেয়েছিল। তিন নম্বর গ্রেস দিয়ে প্রথম শ্রেণীর নম্বর দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “আইন বিভাগে এল এল এম এ আটটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয় নিতে হয়। বিভাগের ২/১ জন শিক্ষক আছেন যারা বেশি নম্বর দেন যাতে তাদের পড়ানো বিষয়ে বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়।”
শুধু একটি বা দুটি বিভাগ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগেই এখন অনার্স বা মাস্টার্সে প্রথম শ্রেণী প্রাপ্তের সংখ্যা বেড়েছে আগের তুলনায় অনেক।
রাস্ট্রবিজ্ঞানে ২০০১-০২ এর মাস্টার্সে ২০৪ জনের এর মধ্যে ৫২ জন, আইন বিভাগে ২০০৩-০৪ এর এল এল এম এ ৮০ জনের মধ্যে ৪২ জন, আরবীতে ২০০১-০২ এর মাস্টার্স ১৬০ জনের মধ্যে ৩৯ জন, লোক প্রশাসনে ২০০২-০৩ এর মাস্টার্সে ১১২ জনের মধ্যে ৩১ জন, অর্থনীতি বিভাগে ২০০৩-০৪ এর মাস্টার্সে ১১৫ জনের মধ্যে ২৪, ইসলামিক স্টাডিজে ২০০২-০৩ সালের মাস্টার্সে ১৬০ জনের মধ্যে ৫৮জন, লোক প্রশাসনে ২০০৩-০৪ এর অনার্সে ১২০ জনের মধ্যে ৪৭ জন প্রথম শ্রেনী পেয়েছেন।
