উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে যোগ দিয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সাবেক উপাচার্য ড. এরশাদুল বারীর সময়কার অনিয়মের তদন্ত দাবি করেন।
সরকার বৃহস্পতিবার বিতর্কিত উপাচার্য ড. এরশাদুল বারীকে অপসারণ করে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক (তথ্য ও জনসংযোগ) আবুল কাশেম সিকদার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অধ্যাপক ফরিদ আহমেদ ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরশাদুল বারী সময়ে নিগৃহীতরা এ সময় তার অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এদিকে বৃহস্পতিবার রাতে উপাচার্যের বাসভবন থেকে মালামাল সরানোর সময় আটক দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানকে শুক্রবার ভোর ৬টায় ক্যাম্পাস থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
অবশ্য এর আগে ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টাকায় কেনা মালামাল নামিয়ে রাখা হয়।
