২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিন একাডেমির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষাকর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ২

বিভিন্ন সময়ে চট্টগ্রাম মেরিন একাডেমির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি কোচিং সেন্টারের দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই অভিযোগে একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম ভূঁইয়া ও এম সাঁট মুদ্রাক্ষরিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। 

র‌্যাব-- ৭ এর উপ অধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, মেরিন একাডেমিতে ভর্তিচ্ছু ছাত্রদের কাছ থেকে অভিযোগ পেয়ে তারা  অনুসন্ধান চালান। এই অনুসন্ধানের পথ ধরে  রোববার আনোয়ারায় মেরিন একাডেমির অভিভাবক দিবসের অনুষ্ঠান থেকে ইউনিটি কোচিং সেন্টারের চট্টগ্রাম শাখার পরিচালক রেজাউল করিম চৌধুরী ও ঢাকা ইউনিটির পিয়ন মো. আলীমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও কয়েকটি কোচিং সেন্টারে অভিযান চালালেও কাউকে ধরা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার মেরিন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম ভূঁইয়া ও সাঁট মুদ্রাক্ষরিক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

মেজর আনিসুজ্জামান জানান, সোমবার সকালে এই দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিকালে একাডেমির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এদের দুইজনের বিরুদ্ধে কোচিং সেন্টারে প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে একাডেমির কমানডেন্ট ক্যাপ্টেন জহিরউদ্দিন জানান, আগামীকাল (মঙ্গলবার) এদের ব্যাপারে র‌্যাবের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হবে। তারা দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। 

র‌্যাব জানায়, চট্টগ্রামের ব্রেইন ওয়াশ, ইউনিটি কোচিং সেন্টারের ঢাকা শাখা এবং মেরিন গাইড কোচিং সেন্টার এ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত। 

গ্রেপ্তারকৃত ইউনিটি কোচিং সেন্টারের পরিচালক সোমবার দুপুরে পতেঙ্গায় র‌্যাব--৭ এর কার্যালয়ে সাংবাদিকদের জানান, কয়েক বছর থেকে মেরিন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তার সহায়তায় এ প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। প্রতিটি প্রশ্নের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিজনের কাছ থেকে দুই থেকে আড়াই লাখ টাকা করে নেওয়া হয়।

র‌্যাব সূত্র জানায়, কোচিং সেন্টারের গ্রেপ্তার হওয়া দুইজন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম ভূঁইয়া ও সাঁট মুদ্রাক্ষরিক জাকির হোসেন কোচিং সেন্টারের পরিচালকদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করতেন। এজন্য তারা ৬০ শতাংশ কমিশন পেতেন।

প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম ভূঁইয়া এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “মেরিন একাডেমির কর্মকর্তা--কর্মচারীদের আÍীয়--স্বজনের সন্তানের জন্য নিজ অভিজ্ঞতা থেকে শুধু পরামর্শ দিতাম। কোনো প্রশ্ন ফাঁসের সঙ্গে আমি জড়িত নই।”