শেরাটনে শুরু হয়েছে ইউকে শিক্ষা মেলা
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত তিনদিনব্যাপী ইউকে শিক্ষা মেলা-- ২০০৭ এর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ মেলায় ২৮টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ সকাল সোয়া ১১ টায় মেলা উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মেলার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা, লেখাপড়ার খরচসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল এর পরিচালক ড. জুন রলিনসন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের উপ--রাষ্ট্রদূত স্টিফেন ব্রিজ।
ব্রিটেনে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হিউম্যান রিসোর্সেস ম্যানেজার এবং ট্রেনিং ম্যানেজাররা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ সম্পর্কে জানার সুযোগ পাবেন এই মেলায়।
শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে ১ ও ২ মার্চ বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ৩ মার্চ দুপুর ১ টা থেকে রাত ৭ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে ৫ ও ৬ মার্চ এই মেলা অনুষ্ঠিত হবে।
ইউকে মেলার প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। তবে স্কুল ও কলেজের ইউনিফর্ম পরা অথবা পরিচয়পত্র বহনকারীদের প্রবেশ মূল্য লাগবে না।
