২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র রাজনীতির ক্ষতিকর দিকগুলোর বিপরীতে ব্যবস্থা নেওয়ার এখনই সময়: রাষ্ট্রপতি

প্রগতিশীল শিক্ষক এবং শিক্ষার্থীদের একাংশের বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তন। অবশ্য দুই ডিন এবং তিন সিন্ডিকেট সদস্য বর্জন করলেও সমাবর্তনে অংশ নিয়েছে সাত হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। (সমন্বিত) সমাবর্তন সভাপতি রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার লিখিত বক্তব্যে ছাত্র রাজনীতির নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, “ছাত্ররাজনীতির ক্ষতিকর দিকগুলোর বিপরীতে ব্যবস্থা নেওয়ার এখনই সময়। রাজনীতি সমাজ থেকে বিচ্ছিন্ন নয় এবং বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমাজেরই অংশ। তবে শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি কোন অবস্থানে বিদ্যমান থাকবে সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করা দরকার। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজন দেশের সকল রাজনৈতিক দলের সহমর্মিতা ও সদিচ্ছা। আমি এ বিষয়ে আমাদের জাতীয় রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ” বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে এবার সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হয়েছে। বিশেষ কৃতিত্বের জন্য স্বর্ণপদক পেয়েছেন ৬৫ জন। মোট সাত জন শিক্ষক গবেষণায় অনন্য অবদানের জন্য স্বর্ণপদক পান।

বুধবার সকাল পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীদের সমাবর্তনের মূল অনুষ্ঠান হয়। শিক্ষার্থীরদের  শোভাযাত্রা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র, শহীদ মিনার এলাকা ছাড়িয়ে যায়। অনেকদিন পরে সহপাঠীদের দেখায় হই--হুল্লোড় আর প্রাণোচ্ছল ভাব--বিনিময়ে শব্দিত হয় পুরো রমনা--পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।

সারিবদ্ধ শিক্ষার্থীরা আসন নেওয়ার পর চ্যান্সেলর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের শোভাযাত্রা শেষ করে মঞ্চে প্রবেশ করেন। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়। পাঠ করা হয় কোরান, গীতা ও বাইবেল। সাড়ে দশটায় রাষ্ট্রপতি সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন।

সমাবর্তন অনুষ্ঠানের আনন্দ ও উচ্ছাসের ছটা কিছুটা ম্লান হয়ে আসে শিক্ষকদের একাংশের বর্জনে। অধ্যাপক ইউনূস বক্তব্য দেওয়ার সময় ৪০/৫০ জনের একটি দল সমাবর্তন বর্জন করে বেরিয়ে যায়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশীদ অনুষ্ঠান বর্জন করায় কলা অনুষদের ডিন ওই অনুষদের পিএইচডি প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সমাবর্তন বর্জনকারী জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। 

 ‘নিজেদের পৃথিবী নিজেদের মনের মত করে গড়ে তোলার জন্য তরুণদের প্রস্তুত করে দিতে হবে’ শীর্ষক লিখিত বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, গরীব ঘরের তরুণ--তরুণীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনতে তাদের জন্য বিশেষ বৃত্তি, শিক্ষাঋণ  ইত্যাদির ব্যবস্থা করতে হবে।

উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তার লিখিত বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি আগেও বলেছি দেশের রাজনৈতিক উন্নয়নে তোমরা বিশেষভাবে ভূমিকা পালন করেছো। কিন্তু, এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, যেসব অবাঞ্ছিত প্রভাব তোমাদের উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেসব হতে দূরে থেকে তোমাদের ভবিষ্যতের অগ্রযাত্রা রাখতে হবে।”