বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বদলানোর পক্ষে শিক্ষকদের অভিমত
দেশের উচ্চশিক্ষা আর্ন্তজাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ খোলনলচে বদলে ফেলার পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা উচ্চশিক্ষার ‘বর্তমান দুরাবস্থার’ জন্য শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষক রাজনীতিকে দায়ী করেছেন।
সিরডাপ মিলনায়তনে “সরকারী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি:স্বরূপ ও প্রতিকার” শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার এসব মতামত ও প্রস্তাব দেওয়া হয়।
টিআইবি চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার তার গবেষণায় সরকারী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান অধ্যাপক আসাদুজ্জামান শিক্ষাঙ্গনে রাজনীতির বিরোধিতা করেন। তিনি বলেন, “রাজনীতি আমাদের শিক্ষাকে গ্রাস করছে এটা বন্ধ করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বর্তমান বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সংস্কারের পক্ষে মত দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন করতে হবে যেখানে শিক্ষক রাজনীতি হবে অপ্রাসঙ্গিক এবং তা শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে না।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলী বিদ্যমান উপাচার্য নিয়োগ পদ্ধতির বিরোধিতা করে বলেন, “একজন নির্বাচিত উপাচার্য তার ইচ্ছামত কাজ করতে পারে না।”
বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের ব্যাপারে শিক্ষকদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক উপাচার্য বলেন, “শিক্ষাঙ্গনে রাজনীতি করতে দেওয়া উচিত না এবং যেসকল শিক্ষক রাজনীতি করতে চান তাদের উচিত বিশ্ববিদ্যালয় পদ থেকে পদত্যাগ করে রাজনীতি করা।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সম্পূর্ণ পরিবর্তন করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাব্বত খান বলেন, সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উচ্চতর প্রশাসন এমনকি উপাচার্যকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্রের চেয়ে মেধার চর্চ্চা বেশি প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিভিন্ন নির্বাচনের বিরোধিতা করে আসিফ নজরুল বলেন, অনুষদের ডিন নির্বাচন, সিন্ডিকেট সদস্য নির্বাচনসহ সব নির্বাচন বন্ধ করা উচিত। ছাত্ররা শুধু তাদের অধিকার আদায়ে আন্দোলন করবে, হাসিনা বা খালেদাকে নির্বাচিত করার জন্য নয়।
তিনি শিক্ষকদের ধর্মঘট আহ্বানকে ন্যাক্কারজনক কর্মকান্ড হিসেবে অভিহিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, “সঠিক রাজনীতি আমাদেরকে সমৃদ্ধ করবে, বিপর্যস্ত করবে না।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারপারসন আমেনা মহসিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল ইসলাম, বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইকবাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেকা হালিম, কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মোশাররফ হোসেন মিয়া, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবুল কাসেম হায়দার এবং টিআইবি ট্রাষ্টি খান সারওয়ার মুর্শিদ এবং এম হাফিজুদ্দীন খান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকও বৈঠকে উপস্থিত ছিলেন।
