ঢাবি সাংবাদিকতা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান
সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বুধবার থেকে বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে।
শিক্ষার্থীরা বিভাগীয় সেমিনার, কার্যালয় এবং বিভাগীয় প্রধানের রুমে তালাবন্ধ করে দেয়।
দুপুর ৩ টায় শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী কর্মসূচী ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে এ কোর্স বাতিল না করলে বিভাগের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচী, অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সমর্থন নিয়ে শনিবার থেকে কলা ভবনের সব বিভাগে ধর্মঘট পালন, রোববার থেকে কলাভবনে আমরণ অনশন এবং সোমবার বিভাগের তহবিল সংগ্রহের জন্য প্রতীকী মিছিল কর্মসূচি পালন করা হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এর মধ্যে দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয় জুড়ে ধর্মঘট ডাকার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা প্রতিদিনের মতো বিভাগের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। তারা এ সময় কলা ভবনে মিছিল করে। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলে এবং কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া না হলে তারা সাড়ে ১২ টায় বিভাগে তালা লাগিয়ে দিয়ে ধর্মঘট ঘোষণা করে।
বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার কোনো ফরম বিক্রি করা সম্ভব হয়নি। এ ছাড়া দুপুরে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
এদিকে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সব বিভাগে সান্ধ্যকালীন কোর্স প্রণয়ন না করার দাবি জানিয়েছে ইংরেজী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের একটা ক্ষুদ্র অংশ রাজনৈতিক ব্যানারে এ আন্দোলন করছে। বিভাগের কোনো শিক্ষার্থীই ক্লাশ ও পরীক্ষা অংশগ্রহণে বাধা দিতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে তাই হবে। তারা যদি বাতিল না করার সিদ্ধান্ত নেয় তাহলে বিভাগের একাডেমিক কমিটির পক্ষ থেকে এখনও এ কোর্স বাতিল করার কোনো প্রশ্নই আসে না। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় বিভাগীয় একাডেমিক কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য বর্তমানে ঢাবি’র বেশ কয়েকটি বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। আরো কয়েকটি বিভাগে এ ধরনের কোর্স চালুর জন্য বিভাগীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৫ সালে বাংলা বিভাগেও এ ধরনের কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ফরম বিক্রিও শুরু হয়েছিল। বিভাগের শিক্ষার্থীদের বাধার মুখে বিভাগীয় কর্তৃপক্ষ তা বাতিল করতে বাধ্য হয়।
