সান্ধ্যকোর্স বাতিলে সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে বিভাগীয় শিক্ষার্থীরা বুধবার দুপুর ১২ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।
শিক্ষার্থীরা মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের কাছে এ কোর্স বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়া বিভাগের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেন এবং কলাভবনে মিছিল করেন। তারা এ কোর্সের ফরম বিক্রি করতেও বাধা দেন।
শিক্ষার্থীরা জানান, বুধবার উল্লিখিত সময়ের মধ্যে এ কোর্স বাতিল করা না হলে তারা ক্লাশ বর্জনের সিদ্ধান্ত নিতে পারেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে এ সান্ধ্যকালীন কোর্স বাতিলের প্রশ্নই আসে না। কারণ এ সিদ্ধান্ত বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত।
বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি ও পাঠক্রম নির্দেশিকা (ব্রশিউর) বিভাগে এসে পৌঁছানোর পর মঙ্গলবার থেকে ফরম বিক্রি বিক্রি শুরু হয়েছে।
‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ নামে দু’বছর মেয়াদি সান্ধ্যকালীন এমএসএস কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান নেয়।
চারটি সেমিস্টারের সান্ধ্যকালীন এ কোর্সের জন্য খরচ পড়বে মোট ৬০ হাজার টাকা। একটি ব্যাচে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে ভর্তির ক্ষেত্রে সবার কমপক্ষে দু’ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
