ঢাবির টেলিফোন থেকে পাঁচ মিনিটের বেশি কথা বলা যাবে না
এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএবিএক্স টেলিফোন লাইন দিয়ে পাঁচ মিনিটের বেশি কথা বলা যাবে না। কারণ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ারিং সেকশনের এক সভায় অতিরিক্ত বিলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘টেলিফোন কল’ র সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজারের মতো পিএবিএক্স লাইন রয়েছে। এগুলোর মাসিক বিল হয় সাধারণত তিন লাখ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা। কিন্তু, জানুয়ারি মাসে এ বিল এসেছে দ্বিগুণেরও বেশি-- প্রায় সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকা।
বৈঠক সূত্রে জানা যায়, বুয়েটের বিশেষজ্ঞরা জানুয়ারি মাসের একটি দিনের টেলিফোন বিল যাচাই করে জানিয়েছেন ফিক্সড ফোন থেকে মোবাইল ফোনে অতিরিক্ত ‘কল’ জন্য অস্বাভাবিকহারে বিল বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের পিএবিএক্স থেকে শতকরা আশিভাগ কল মোবাইলে করা হয়। এছাড়া পাঁচ মিনিট পার হলে ল্যান্ডফোনের টাকা বেশি কাটা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিটিটিবির নির্ধারিত কলের ক্ষেত্রে প্রতি চার মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে একটি সংকেত দেওয়া হবে এবং এরপর পঞ্চাশ সেকেন্ড পর ফোনের লাইন স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। অর্থাৎ চার মিনিট পঞ্চাশ সেকেন্ড পর লাইন স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল পিএবিএক্স গ্রাহকের কাছে এ সিদ্ধান্ত পৌঁছানোর পর তা বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, যে অস্বাভাবিক বিল হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বহন করা কষ্টসাধ্য। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যত শিগগির সম্ভব এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
