ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাগারে অন্তরীণ ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে ডাকা সব কর্মসূচি দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 'সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে' রোববার সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের বলেন, "সরকারের দায়িত্বশীল মহলের সুস্পষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষা উপদেষ্টার অনুরোধে আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষকদের সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
'সুস্পষ্ট আশ্বাস' বলতে কী বোঝানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "সুস্পষ্ট আশ্বাসটা হচ্ছে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী সব ছাত্র-শিক্ষককে মুক্তি দেওয়া হবে।"
দুই সপ্তাহের মধ্যে শিক্ষক ও ছাত্রদের মুক্তি দেওয়া না হলে সমিতি কী সিদ্ধান্ত নেবে জানতে চাইলে তাজমেরী এস এ ইসলাম বলেন, "প্রয়োজনে আবারও বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ বলেন, "আমরা আশা করছি, সরকার এমনভাবে সিদ্ধান্ত নেবে যাতে আমাদের আবার আন্দোলনে যেতে না হয়।"
এদিকে কর্মসূচি প্রত্যাহার করা নিয়ে সভায় শিক্ষকদের মধ্যে প্রবল মতবিরোধ দেখা দেয়। ডানপন্থী (সাদাদল) শিক্ষকরা চাচ্ছিলেন কর্মসূচি স্থগিত করে সরকারকে সময় দিতে। আর বাম (গোলাপীদল) ও আওয়ামী পন্থী (নীলদল) শিক্ষকরা কর্মসূচি বহাল রাখার পক্ষে ছিলেন। এ কারণে সন্ধ্যা সাড়ে ৬টায় সভা শুরু হলেও সিদ্ধান্ত নিতে রাত ১০টা বেজে যায়। শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত হয়।
নীলদলের অধ্যাপক শরীফুল্লাহ ভুঁইয়া বলেন, "একপক্ষ চাচ্ছিল কর্মসূচি প্রত্যাহার করে সরকারকে সময় দেওয়া হোক। আর অন্যপক্ষ কর্মসূচি বহাল রাখার পক্ষে ছিল। এ নিয়ে সভায় ব্যাপক মতবিরোধ দেখা দেয়।"
সভায় উপস্থিত ১৩৮ জন শিক্ষকের মধ্যে অধ্যাপক ড. মো. সামাদ, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক মনোয়ার উদ্দীন আহমেদ, অধ্যাপক আখতার হুসেন, অধ্যাপক হুসেন মনসুর, অধ্যাপক আখতারুজ্জামান, সহকারী প্রক্টর সিদ্দিকুর রহমান, ওহিদুজ্জামান চান প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার তারা কালো ব্যাজ পরে ক্লাশ নেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক 'ড. সিতারা পারভীন ট্রাস্ট' পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শিক্ষকরা কালো ব্যাজ পরে অংশ নেন।
আরসি মজুমদার মিলনায়তনে ওই অনুষ্ঠানের আগে উপাচার্য এস এম এ ফায়েজ আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে সাংবাদিকদের বলেন, "আমি একটা সম্মানজনক সমাধান দেখতে পাচ্ছি। সরকারের একটি দায়িত্বশীল অংশের সঙ্গে আমাদের আলোচনা চলছে।"
সব শিক্ষক কালো ব্যাজ পড়লেও উপাচার্য কেন পড়েনননি জানতে চাইলে তিনি বলেন, "আমি একটি অনুষ্ঠানে এসেছি, তাই পড়িনি। তবে শিক্ষকদের কর্মসূচির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় আটক শিক্ষক ও ছাত্রদের আগামী বুধবারের মধ্যে মুক্তি দেওয়ার দাবিতে শুক্রবার শিক্ষক সমিতির জরুরি সভায় বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়। এরই অংশ হিসেবে রোববার শিক্ষকরা কালো ব্যাজ পরে ক্লাশে যান। সোমবার তাদের অপরাজেয় বাংলার পাদদেশে একঘণ্টা মৌন অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/জেকে/এমএইচবি/ ২৩২৩ ঘ.
bdnews24