২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ ডিসেম্বর

সেনাসদস্যের হাতে ছাত্র লাঞ্ছিত হওয়ার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংস ঘটনার মামলায় সোমবার চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 07:06 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনাসদস্যের হাতে ছাত্র লাঞ্ছিত হওয়ার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংস ঘটনার মামলায় সোমবার চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে চার শিক্ষকের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ অভিযোগ গঠনের এ দিন ধার্য করেন। সকালে কারাগার থেকে পাঁচ অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। জরুরি বিধিমালায় দায়ের করা ওই মামলার অভিযোগপত্রভূক্ত ১৯ আসামির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক ড. সদরুল আমিন ও অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এবং বিশ্ববিদ্যালয় ছাত্র মনিরুজ্জামান রুবেল বর্তমানে কারাগারে রয়েছেন। বাকী ১৪ শিক্ষার্থী 'পলাতক'। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় গত ২৩ আগস্ট শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর রশিদকে ২৫ আগস্ট গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ড. সদরুল আমিন ও ড. নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকেও কারাগারে পাঠানো হয়। ৯ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগপত্র দেয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/১২৫৩ঘ.