ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো তথা শিক্ষার্থী ও অভিভাবকদের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
পূর্বঘোষিত ১৭ ও ১৮ ডিসেম্বর তারিখের পরিবর্তে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি এ পরীক্ষা হবে বলে বৃহস্পতিবার সরকারি এক ঘোষণায় জানানো হয়।
এক তথ্য বিবরণীতে বলা হয়েছে , ১৪ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা, বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত গণিত এবং ১৫ জানুয়ারি ২০০৮ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইংরেজি ও বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত পরিবেশ পরিচিতি বিষয়ক পরীক্ষা দেশে ও বিদেশে অবস্থিত পরীক্ষা কেন্দ্রগুলোতে একযোগে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) প্রাথমিক বৃত্তি পরীক্ষার এ সময়সূচি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২৩৩৩ঘ.
bdnews24