ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৭-'০৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। এটা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিটগুলোয় ফরম জমা দেয়া যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি ইউনিটের ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সভা শেষে উপাচার্য অধ্যাপক ফয়েজ মো. সিরাজুল হক মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১, ২২ ও ২৩ জানুয়ারি।
বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি ইউনিটের অধীনে ২০টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি ইউনিটের জন্য আলাদা আলাদা ফরম কিনতে হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট ৮০ নম্বরের পরীক্ষা হবে। ২০ নম্বর নির্ধারিত হবে এসএসসি ও এইচএসসির প্রাপ্ত নম্বরের গ্রেড পয়েন্টের ওপর ভিত্তি করে।
পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে আসা শিক্ষার্থীদের এস এসসি ও এইচএসসি উভয় পরীক্ষা মিলিয়ে জিপিএ ৬ দশমিক ৫ এবং একটিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের দুই পরীক্ষায় মোট জিপিএ ৫ দশমিক ৫০ এবং একটিতে কমপক্ষে ২ দশমিক ৫০ থাকতে হবে।
ভর্তি ফরম অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও কুষ্টিয়া থানাপাড়া শাখা এবং ঝিনাইদহ শাখা থেকে সংগ্রহ করা যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ ১৮৫৩ ঘ.
bdnews24