চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'সাংবাদিকতাসহ সব ধরণের' চাকরি করা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশে বলা হয়, 'যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে সাংবাদিকতাসহ অন্য পেশায় নিয়োজিত থাকবে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বিষয়টি জানানো হবে।'
শিক্ষা মন্ত্রণালয়ের ১১ অক্টোবর তারিখের একটি স্মারকের (শা:১৮/৮/২০০৭/৭৭৭) উল্লেখ করে এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এবং ভর্তির সময় ছাত্রছাত্রীদের দেওয়া অঙ্গীকারনামা অনুসারে শিক্ষার্থীদের ছাত্রাবস্থায় চাকরি করার সুযোগ নেই।
অবশ্য যারা চাকরি করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এমফিল বা পিএইচডি শ্রেণীতে পড়ছেন তাদের ব্যাপারে ওই নির্দেশনায় কিছু বলা হয়নি।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ব্যাপারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ একাধিক শিক্ষক।
সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ সিন্ডিকেটকে না জানিয়ে এ ধরণের প্রজ্ঞাপন জারি করা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের জন্য হুমকিস্বরূপ। এতে কারও হীন স্বার্থ জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/জেকে/এসকে/২২৪৫ ঘ.
bdnews24