ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "দীর্ঘদিন পর হলে খেতে বসে আমিতো হতবাক। ১১ টাকার মুরগির মাংসের দাম এখন ১৫ টাকা। ভাবছি নিজেই রান্না করে খাবো।" এভাবেই খাবারের দাম বাড়ার কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র বিধান চন্দ্র। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মেস, ক্যান্টিনগুলোতেও এর প্রভাব পড়েছে ব্যাপক হারে।
বিধান চন্দ্র জানান, দীর্ঘ ২ মাস ক্যাম্পাস বন্ধ থাকার পর হলে এসেছি রোববার। ক্যান্টিনে খেতে গিয়ে দেখি সব খাবারের দাম ২ থেকে ৫ টাকা করে বেড়েছে। কিছু বললেই ক্যান্টিন ম্যানেজার বলে সব জিনিসের দাম বেড়েছে তাই দাম বাড়ানো হয়েছে।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রী তামজিনা ইসলাম রুম্পা আবার বললেন একটু অন্যভাবে, "নিজেই বাজার করেছি, এখন থেকে রেঁধে খাবো। ক্যান্টিনে দাম দেব বেশি কিন্তু খাবারের মান বাড়বে না, বরং নিজে রেঁধে খেলে তৃপ্তি ও স্বাদ পাওয়া যাবে।
তিনি জানান, এক কেজি চাল ৩২ টাকা, তেল ৮৮ টাকা, ছোট ফুলকপি ২৫ টাকা দিয়ে কিনেছি। এতো দাম বুঝতে পারিনি। কিন্তু তাও মনে হচ্ছে ক্যান্টিন থেকে ভালো খাবার খেতে পারব।"
ঢাবি'র প্রায় সবগুলো হলেই খাবারের দাম বাড়ানো হয়েছে কিন্তু সে তুলনায় খাবারের মান বাড়ানো হচ্ছেনা। এছাড়া ক্যাম্পাসের ভেতরের প্রায় বেশির ভাগ খাবারের দোকানেও দাম বাড়ানো হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মাহবুব আলম রনী জানান, "বন্ধের আগে আই.বি.এ ক্যান্টিনে যে কোনো মাছ অথবা মুরগি ভাত খেতাম ৩৫ টাকায়, বন্ধের পর খেতে হচ্ছে ৪০ টাকায়। প্রতিদিন দুপুরে ভাবি কোথায় কম খরচে খাওয়া যাবে। ক্যাম্পাসের বেশির ভাগ জায়গাতেই এখন খাবারের দাম বেশি।"
উর্দু ও ফার্সি বিভাগের ছাত্র রুবেল আকন্দ প্রতিদিন দুপুরের খান ডাকসু ক্যাফেটেরিয়ায়। তিনি জানান, দুপুর বারটা থেকেই ডাকসুতে জায়গা দখল করে বসে থাকি। কারণ এখানে দুপুর একটার মধ্যেই খাবারের কুপন শেষ হয়ে যায়। বিশাল লাইন ধরে খাবারের কুপন ও খাবার নিতে হলেও মাত্র ১৮ টাকায় খাবার পাওয়া যায়।"
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ জানান, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে বার্ষিক ৮ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা ভর্তুকি দেয়। কিন্তু তারপরও হলগুলোতে খাবারের মান বাড়ছেনা। এছাড়া ১৭টি হলে এ টাকা খুব কম। তাই এ ভর্তুকি বাড়ানো হবে এবং খাদ্যের মান বাড়ানোর জন্যও হল কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ক্যান্টিন ম্যানেজার আব্দুল মালেক বলেন, এরশাদ সরকারের আগ পর্যন্ত হল কর্তৃপক্ষ ক্যান্টিনগুলোতে অর্থ বরাদ্দ দিতো কিন্তু এরপর আর দেওয়া হয়নি। এখনও আমরা কর্তৃপক্ষ থেকে কোনো টাকা পাইনা। ফলে দ্রব্যমূল্যের উর্র্ধ্বগতিতে আমরাও খাবারের দাম বাড়াতে বাধ্য হই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমএ/১৬৪৩ ঘ.
bdnews24