২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৭ দিন পর রোববার খুলছে রাবি

৬৭ দিন পর রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলছে। হলগুলো ইতোমধ্যে খুলে দেয়ায় শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৬৭ দিন পর রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলছে। হলগুলো ইতোমধ্যে খুলে দেয়ায় শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষককে কারাগারে রেখেই রোববার ক্লাশ শুরু হচ্ছে। এ কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলেই নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছেন। গণযোগাযোগ বিভাগের তিন শিক্ষক কারাগারে রয়েছেন। শনিবার ওই বিভাগের শিক্ষকরা একটি জরুরি বৈঠক করেন। উপাচার্য অধ্যাপক ড. আলতাফ হোসেন ও প্রো-উপাচার্য ড. মামনুনুল কেরামতও এতে উপস্থিত ছিলেন। সভা শেষে বিভাগের সভাপতি খাদেমুল ইসলাম সাংবাদিকদের জানান, বিভাগের অবশিষ্ট শিক্ষকই সমন্বয় করে আটক শিক্ষকদের ক্লাশগুলো নেবেন। পরীক্ষাগুলোও সময়ানুযায়ী শেষ করার চেষ্টা চালাবেন। অন্যদিকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জন, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দুই জন এবং ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক কারাগারে রয়েছেন। ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক অমল কর্মকার এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ জানান, কারাগারে আটক শিক্ষকদের ক্লাস বা পরীক্ষাগুলো কীভাবে নেয়া হবে সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি। বিশ্ববিদ্যালয প্রক্টর অধ্যাপক এনামুল হক সাংবাদিকদের জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজন হলগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। কারাগারে আটক শিক্ষকদের মুক্তির বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, "এটা আদালতের বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।" ক্যাম্পাস শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট ছাত্র-শিক্ষক সবার সহযোগিতা চান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। নিহত হন এক রিকশা চালক। সংঘর্ষের পরদিনই সাবেক উপাচার্য ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদুর রহমান ও আব্দুস সোবহান এবং ব্যবস্থাপনা বিভাগের মলয় কুমার ভৌমিককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে দুই মামলায় মোট আট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হলে পাঁচ শিক্ষক আদালতে আত্মসমর্পণ করার পর তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এরা হলেন, গণযোগাযোগ বিভাগের দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন, আবদুল্লাহ আল মামুন এবং ভূ-তত্ত্ব বিভাগের মীর সাব্বির সাত্তার তাপু ও সারোয়ার জাহান সজল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৮ ঘ.,