ঢাকা,০৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-বিক্ষোভের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনে বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ।
সাক্ষ্য দিয়ে চলে যাওয়ার সময় আটক শিক্ষকদের ঈদের আগে মুক্তি দেওয়া হবে কিনা -সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপাচার্য বলেছেন, "এ ব্যাপারে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে।"
উপাচার্য আরও বলেন, ২৮ তারিখে বিশ্ববিদ্যালয় খোলার পর যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করছে।
কমিশন প্রধান সাবেক বিচারপতি হাবিবুর রহমান খান অবশ্য সাংবাদিকদের বলেন,সাক্ষ্য নয়, কমিশনের সঙ্গে উপাচার্য ও সাবেক উপদেষ্টার 'আলোচনা' হয়েছে।
শিক্ষকদের মুক্তির ব্যাপারে সুপারিশ করবেন কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিচারপতি বলেন, "দেশ পরিচালনাকারী বা যারা তাদের আটক করেছে মুক্তি দেওয়া -না দেওয়া তাদের ব্যাপার। তবে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য মুক্ত পরিবেশ দরকার ।" বিচারপতি বলেন, উপাচার্যও এ ব্যাপারে তার সঙ্গে একমত।
সুলতানা কামালের দেওয়া বক্তব্য প্রসঙ্গে কমিশন প্রধান বলেন সাবেক উপদেষ্টা তার কাছে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিসংযোগসহ যেসব ঘটনা ঘটেছে দেশবাসী ভবিষ্যতে তার পুনরাবৃত্তি দেখতে চায় না। ছাত্র শিক্ষক পেশাজীবীসহ সবাই নিজের মর্যাদা সম্পর্কে সচেতন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মোতায়েন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ছাত্র ও শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে।
সুলতানা কামাল ছাত্র ও শিক্ষকদের রাজনীতি করার বিপক্ষে মত দিয়েছেন বলেও বিচারপতি জানিয়েছেন।
বিচারপতি বলেন উপাচার্যকে তিনি প্রশ্ন করেছিলেন, "আপনি দেশের বাইরে গেলেই বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটে। আপনি কি দূর থেকে অঙুলি হেলনে এসব করেন?"
উপাচার্য জবাবে বলেন, "এটি একটি কাকতালীয় ব্যাপার। তবে আমি দেশে উপস্থিত থাকলে হয়তো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যা করেছিল তা না করে নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নিতাম।"
আগামী রোববার সিএসবি টিভি চ্যানেলের শাকিল বিন মুস্তাক ও ডিজিএফআই কর্মচারি আতিক রহমান সাক্ষ্য দেবেন বলে বিচারপতি জানান। আরও কয়েকজন সাবেক উপাচার্যকেও সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৭২৬ঘ.
bdnews24