ঢাবির সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। এই সিদ্ধান্ত বতিলের দাবিতে সোমবার তারা বিভাগীয় প্রধানের কাছে স্মারকলিপি দিয়েছে।
এদিকে ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ নামে দু’বছর মেয়াদি সান্ধ্যকালীন এমএসএস কোর্সের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দাবি, এই কোর্স চালুর মাধ্যমে কর্তৃপক্ষ শিক্ষাকে বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাচ্ছে।
সোমবার বিভাগীয় প্রধানের কাছে দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেছেন, পাঁচ বছর পড়ালেখার পর তারা যে ডিগ্রি পাচ্ছে সান্ধ্যকালীন কোর্সে সেটি দুবছরেই দেওয়া হবে। একে ‘বৈষম্যমূলক’ দাবি করে সিদ্ধান্ত বাতিলের জন্য তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্মারকলিপিতে একইসঙ্গে তারা সাংবাদিকতা বিভাগে বর্তমান শিক্ষাপদ্ধতির পরিবর্তন ও মান উন্নয়নেরও দাবি জানান।
তৃতীয় বর্ষের (নতুন) ছাত্র রিয়াদুল করিম বলেন, নিয়মিত শিক্ষার্থীরাই বিভাগে প্রয়োজনীয় সুযোগ-- সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় শিক্ষকেরা ঠিকমতো ক্লাশও নেন না। এরপর এ কোর্স চালু হলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
এ ব্যাপারে বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, সান্ধ্যকালীন কোর্স থেকে পাওয়া টাকা দিয়ে বিভাগের উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া, নিয়মিত শিক্ষার্থীদের চাকরির বাজারে পরিচিতি সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে বুধবার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও তিনি জানান।
প্রসঙ্গত, চারটি সেমিস্টারের সান্ধ্যকালীন কোর্স করতে মোট ৬০ হাজার টাকা লাগবে। একটি ব্যাচে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে ভর্তির ক্ষেত্রে সবার কমপক্ষে দু’ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
