২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘর্ষে ২০ ছাত্র আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার র্যাব ও পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে অন্তত ২০ ছাত্র ও তিন পুলিশ আহত হয়েছে। আট ছাত্রকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রাবাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে কয়েক শ ছাত্রছাত্রী উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। র্যাব সদস্যরা পুলিশকে সহায়তা দিতে এগিয়ে আসে। এসময় ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করা হলে কমপক্ষে ২০ ছাত্র আহত হয়।

ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় ছাত্ররা র্যাবের একটি গাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশের উপর ইট--পাটকেল নিক্ষেপ করে, পার্শ্ববর্তী বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস এবং অন্যান্য স্থাপনা ভাঙচুর করে। পাশাপাশি তারা প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য।

কোতয়ালী থানা পুলিশ জানায়, ভাঙচুর ও বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের মধ্যে আটজনকে তারা আটক করেছে এবং ছাত্রদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ছাত্ররা র্যাবের একটি গাড়িও ভাঙচুর করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “ছাত্ররা স্মারকলিপি দিতে গেলে আমরা তাদের অপেক্ষা করতে বলেছিলাম, কারণ উপাচার্য তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু কিছু ছাত্র হঠাৎ পুলিশের ওপর হামলা ও ভাঙচুর শুরু করে এবং রাস্তায় নেমে অবরোধ করে।”

তিনি বলেন, “অবস্থা বুঝে আমি পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে  অতিরিক্ত পুলিশ এসে অপেক্ষমান পুলিশের সঙ্গে যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষ তীব্রতর হয়।”

সংঘর্ষে কোন ছাত্র আহত হওয়ার খবর অস্বীকার করে তিনি জানান, পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে আগে থেকেই আন্দোলন করে আসছে।