২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের স্মারক হয়ে দাঁড়িয়ে মধুর ক্যান্টিন

ধুমায়িত চায়ের কাপ ঘিরে রাজনৈতিক আড্ডা, হালকা আলোচনা সবই চলে মধুর ক্যান্টিনে। বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টিন দিনভর শিক্ষার্থীদের পদচারণায় থাকে মুখর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র ও রাজনীতিকদের কাছে এক সময়ের আশ্রয়স্থল  ক্যান্টিনটির নামকরণ হয় প্রতিষ্ঠাতা মধুসূদন দে (মধুদা) এর নামে।

সেইসব ছাত্র ও রাজনীতিবিদদের অনেকে বকেয়া শোধ করেননি। নয় মাস যুদ্ধ শেষে অনেকে আর  ফিরেও আসতে পারেননি।

স্বাধীনতা যুদ্ধের সময় বেশ বড়সড় কিন্তু জীর্ণ দেওয়ালের ক্যান্টিনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু যুদ্ধ শেষে মধুদার পরিবার ও ছাত্ররা মিলে আবার নতুন করে একে গড়ে তোলে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রায় ৩৬ বছর কেটে গেলেও মধুর ক্যান্টিন এখনো রক্তক্ষয়ী সেই যুদ্ধের স্মৃতি বয়ে চলছে। মধুদার দুটি ভাস্কর্য এবং আশপাশের মিছিল--সমাবেশ এখনকার প্রজন্মকে মনে করিয়ে দেয় অতীতের সেই উত্তাল দিনগুলোর কথা।

ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক ছাত্র ও বর্তমানে সেখানকার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “মধুদা আমাদের ইতিহাসের অংশ। স্বাধীনতা সংগ্রামে তার অবদান অন্য কারও চাইতে কোনো অংশে কম নয়।”

মধুর ক্যান্টিন ভবনটি নবাব সলিমুল্লাহর সময়ে তার বিনোদনের জন্য নাচঘর হিসাবে নির্মাণ করা হয়েছিল। আর এখন সেখানে চলে শিক্ষার্থীদের জমজমাট আড্ডা। প্রতিদিন সেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী হাল্কা খাবার খাওয়ার কাজ সারে।

মধুদার ৪৬ বছরের ছেলে অরুণ কুমার দে এখন ক্যান্টিনটি চালান। তিনি জানান, আগের মতো রাজনীতির কেন্দ্রস্থল না থাকলেও স্বাধীনতা যুদ্ধের স্মৃতি এখনো মধুর ক্যান্টিনকে ঘিরে আছে।

যুদ্ধের সময় অরুণের বয়স ছিল ১১। সেনারা যেদিন তার বাবাকে ধরে নিয়ে যায় সেদিনের কথা এখনো পরিষ্কার মনে করতে পারে তিনি। এ সময় তার মা, বড় ভাই ও বৌদিকে হত্যা করে সেনারা।

সেদিনের কথা স্মরণ করে অরুণ বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাত। হঠাৎ প্রচণ্ড গোলাগুলিতে আমার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে দেখলাম সামরিক যান ক্যাম্পাসের দিকে আসছে। সেনারা অস্ত্র উঁচিয়ে ভবনগুলোতে ঢুকে লোকজনদের বের করে আনছে।”

পরদিন সেনারা এলো মধুদার বাসায়। এর একদিন পর বন্ধুরা ক্যাম্পাসে লাশের ¯তূপের মাঝে খোঁজ মিলল মধুদার নিথর দেহের।

সেনা অভিযানের সময় সৌভাগ্যক্রমে অরুণ ও তার কয়েক ভাইবোন বেঁচে যান। এর পরপরই তারা পালিয়ে যান ভারতে। পরে যুদ্ধ শেষে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।

দেশে ফেরার পর বিধ্বস্ত মধুর ক্যান্টিন আবার চালু করার উদ্যোগ নেয় অরুনের পরিবার। সে সময় বুলেটবিদ্ধ ক্যান্টিনের দেওয়ালের একটি লেখা এখনো মনে পড়ে অরুণের। লেখাটি ছিল, “তোমাকে স্মরণ করছি মধুদা। তোমার আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না।”

প্রথম দিকে ক্যান্টিনটি পরিচালনার দায়িত্বে ছিলেন অরুণের বড় বোন। সেই থেকে এখনো পুরানো দিনের মতোই সরগরম মধুর ক্যান্টিন।

অরুণ বলেন, “স্বাধীনতা যুদ্ধ আমাকে খুব বেশি কিছু না দিলেও চির গৌরবের অংশীদার করেছে। আমি আমার অতীত ও বাবাকে নিয়ে গর্বিত।”